ইফতারে মেজবানি মাংসের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের হল টোয়েন্টিফোরে অন্যান্য ইফতারির পদের সঙ্গে রয়েছে মেজবানি মাংসও l প্রথম আলো
নগরের হল টোয়েন্টিফোরে অন্যান্য ইফতারির পদের সঙ্গে রয়েছে মেজবানি মাংসও l প্রথম আলো

হরেক রকম মসলা দিয়ে বিশেষ কায়দায় রান্না করা মেজবানি গরুর মাংসের চাহিদা থাকে সারা বছরই। তবে রমজান মাস এলেই এই পদের চাহিদা বাড়ে। ইফতারিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবার রাখতে চান রোজাদারেরা। নগরের অভিজাত রেস্তোরাঁগুলো ক্রেতাদের চাহিদা মেটাতে নানা পদের সঙ্গে মেজবানি মাংসের পদও রাখে। এ বছর নগরের হল টোয়েন্টি ফোর ও পিটস্টপ রেস্তোরাঁর ইফতার আয়োজনের বিশেষ আকর্ষণ মেজবানি মাংস।
হল টোয়েন্টিফোর: কাজীর দেউরী স্টেডিয়ামপাড়ায় অবস্থিত হল টোয়েন্টিফোর কনভেনশন হল গত বছর ক্রেতাদের সাড়া পেয়ে দ্বিতীয়বারের মতো এ বছরও ইফতারের পসরা সাজিয়েছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় পদ মেজবানি গরুর মাংস। প্রতি কেজি মেজবানি মাংসের দাম পড়বে ৬৫০ টাকা। মেজবানি মাংস ছাড়াও এখানকার ইফতার আয়োজনে রয়েছে মোরগ পোলাও, মাটন তেহারি, জর্দা, চিকেন ক্রাম্ব ফ্রাইসহ ৩৫ পদের খাবার। প্রতি কেজি মাটন হালিম ৪৩০ টাকা ও প্রতি কেজি চিকেন হালিম বিক্রি হচ্ছে ৪১০ টাকায়।
প্রতি কেজি ৩০০ টাকা করে বিক্রি হওয়া ছোট জিলাপিরও চাহিদাও রয়েছে। এখানে এককভাবে বসে ইফতার করার সুযোগ না থাকলেও রয়েছে ইফতার পার্টি আয়োজনের ব্যবস্থা। ইফতার পার্টির জন্য আলাদা চারটি প্যাকেজের আয়োজন করেছে কর্তৃপক্ষ। ৪৫০ টাকা মূল্যের প্যাকেজ-১ এ রয়েছে চিকেন জালি কাবাব, হালিমসহ ১৪ পদের খাবার। বিফ মেজবানি মাংসসহ নয় পদের প্যাকেজ-২ পাওয়া যাচ্ছে ৫১০ টাকায়। চিকেন পোলাও, মাটন রেজালাসহ ১১ পদের প্যাকেজ-৩–এর দাম পড়বে ৬২০ টাকা। মাটন তেহারিসহ ১২ পদের প্যাকেজ-৪ পাওয়া যাচ্ছে ৫৬০ টাকায়। হল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমাদের ইফতারির নানা পদের সবচেয়ে প্রধান দিক, এসব স্বাস্থ্যসম্মত, সুস্বাদু ও বিশুদ্ধ। আবার দামেও অনেক সস্তা।’
পিটস্টপ রেস্তোরাঁ: নগরের আরেক অভিজাত রেস্তোরাঁ পিটস্টপের ইফতার আয়োজনে মেজবানি মাংস মিলবে বুফে ইফতার ও রাতের খাবারের সময়। তবে সপ্তাহের সাত দিনই ৩৩ পদের ইফতারের পদ পাওয়া যাচ্ছে এ রেস্তোরাঁয়। লালখান বাজার এলাকার এই রেস্তোরাঁয়
মুরগির নানা পদ বেশ জনপ্রিয়। এখানকার ইফতার আয়োজনে কেবল মুরগির পদই রয়েছে ১২টি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চিকেন বিরিয়ানি, চিকেন ড্রামস্টিক, চিকেন তন্দুরি, চিকেন সাট্টি, চিকেন সাসলিক ও চিকেন চওমিন। পাশাপাশি ছোলা ভাজা, পিঁয়াজু, বেগুনি, চপ, হালিম, আখনি বিরিয়ানি, লাচ্ছি এসব তো আছেই।
এই রেস্তোরাঁয় বাসায় নিয়ে যাওয়ার জন্য রয়েছে দুই ধরনের ইফতারের প্যাকেজ। ছোলা, পিঁয়াজু, ফ্রায়েড চিকেন, হালিম, ফিরনিসহ ১৬ পদের প্যাকেজ-১ পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়। আর ছোলা, পিঁয়াজু, সমুচা, ফ্রায়েড চিকেন, স্প্রিং রোলসহ ১৫ পদের প্যাকেজ-২ কিনতে খরচ হবে ৩০০ টাকা।
ছোলা-পিঁয়াজু, ফ্রায়েড চিকেন, হালিম, জিলাপিসহ ১৮ পদের ইফতার রেস্তোরাঁয় বসে খেতে খরচ হবে ৪৯০ টাকা। পাশাপাশি বুফেতে প্রায় ৪৫টি পদের ইফতার ও রাতের খাবার খেতে জনপ্রতি খরচ হবে ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট। পিটস্টপের ব্যবস্থাপক গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের এবারের ইফতার মেলার বিশেষত্ব হচ্ছে মুরগির নানা পদ। স্বাদে ভিন্নতা আনার পাশাপাশি স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবার পরিবেশনে আমরা আন্তরিক।’