ইফতারে মেজবানের সৌরভ
বেলা একটা! রাস্তার একপাশে শামিয়ানা টানানো। তার নিচে পেতে রাখা টেবিলের ওপর ছোট-বড় প্লাস্টিকের বাটি। পাশে ওজন মাপার যন্ত্র। টেবিলের পাশেই বড় ও মাঝারি আকারের দুটি হাঁড়ি। সেখান থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে জিভে পানি আনা মেজবানের মাংসের সৌরভ।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ চৌমুহনীর পীরবাড়ি সড়কে গিয়ে এ দৃশ্য দেখা গেল। সেখানে ১০০ গজের মধ্যেই রয়েছে এ রকম চারটি অস্থায়ী দোকান। রমজান এলে শুধু মেজবানের মাংসই বিক্রি করেন তাঁরা। সঙ্গে থাকে বুটের ডাল।
কোনো উপলক্ষ পেলে মেজবান দেওয়ার রেওয়াজ রয়েছে চাটগাঁবাসীর। বিশেষ কৌশলে রান্না মেজবানের গরুর মাংসের স্বাদ অনন্য। সে কারণে মেজবানের মাংস সমানভাবে জনপ্রিয় ভোজনরসিকদের ইফতারের টেবিলেও। বিভিন্ন মেজবান অনুষ্ঠানে এ মাংস সাদা ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। তবে ইফতারে অনেকেই ভাতের পরিবর্তে পরোটা বা বাকরখানি দিয়ে খাচ্ছেন বলে জানালেন ক্রেতা-বিক্রেতারা।
ইফতারের ঢের সময় বাকি থাকলেও বেলা একটার দিকেই পীরবাড়ি রোডের মেজবানের মাংসের দোকানগুলোতে ক্রেতার দেখা মিলল। দেওয়ানহাট থেকে আসা মোশারফ হোসেন নামের এক ক্রেতা বললেন, ‘মেজবানের মাংস আমাদের ঐতিহ্য। এর স্বাদের সঙ্গে অন্য মাংসের তুলনা চলে না। আজ নিয়ে তিনবার কেনা হয়ে গেল এই রমজানে।’
বিক্রেতারা জানালেন, সকাল সাড়ে আটটা থেকে মেজবানের মাংস রান্নার প্রস্তুতি শুরু হয়। দুপুর ১২টার মধ্যেই রান্না হয়ে যায় মাংস ও ডাল। সাড়ে ১২টার পর থেকেই ক্রেতারা মাংস কিনতে আসেন। তবে আসরের নামাজের পর দোকানে ভিড় সামলানো দায় হয়ে ওঠে।
সাধারণভাবে রান্না করা গরুর মাংসের সঙ্গে মেজবানের মাংসের স্বাদের পার্থক্যের রহস্য পুরোটা ভাঙতে চাইলেন না মেজবানের মাংসের বাবুর্চি আবদুল খালেক। তবে তিনি জানালেন, খাঁটি সরিষার তেলে রান্না করা এই মাংসে অন্যান্য মসলার সঙ্গে নারকেল, সরিষা, বাদামবাটা ইত্যাদি ব্যবহার করা হয়।
নগরের বাদামতলী মোড় এলাকা, শেখ মুজিব রোড, পাঠানটুলী, ধনিয়ালাপাড়া, কাজীর দেউড়ি মোড় প্রভৃতি জায়গায় এ রকম অস্থায়ী দোকানের দেখা মিলেছে। এ ছাড়া জামান হোটেলের কয়েকটি শাখায়, স্টেডিয়াম এলাকার রোদেলা বিকেল, জিইসি মোড়ের ওয়েল পার্ক, জুবিলী রোডের আল ফয়সাল, কে সি দে রোডের সোনালী, ষোলশহর ২ নম্বর গেটের ক্যাফে আলীসহ নগরের অনেক ছোট-বড় হোটেল-রেস্তোরাঁয়ও বিক্রি হচ্ছে মেজবানের মাংস।
ওয়েল পার্ক হোটেলের উপমহাব্যবস্থাপক এম এ মনসুর প্রথম আলোকে বলেন, ‘গত রমজানে ক্রেতাদের বিপুল সাড়া পাওয়ার পর এ বছরও আমরা ইফতারসামগ্রী হিসেবে মেজবানের মাংস পরিবেশন করছি।’
গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় এ বছর মেজবানের মাংসের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গতবার চৌমুহনীতে মেজবানের মাংস বিক্রি হয়েছে সাড়ে তিন শ টাকায়। এ বছর এক কেজি মেজবানের মাংসের দাম পড়ছে ৪৩০ টাকা। আর বুটের ডাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকায়। হোটেল-রেস্তোরাঁগুলোতে দাম আরেকটু বেশি।