ইফতারে মেলবন্ধন কমলাপুরে
কমলাপুর রেলস্টেশন। ঘড়ির কাঁটা ছয়টা ছুঁই ছুঁই। ইফতারের ঘণ্টা খানেক বাকি। বাছির উদ্দিন ইফতারের জন্য আনারস কাটছিলেন। ব্যবসায়ের কাজে নোয়াখালী থেকে ঢাকায় আসা। আটটা দশে ট্রেন তাঁর। ট্রেন ধরার জন্য একটু আগেভাগেই স্টেশনে এসেছেন। ফলে স্টেশনেই ইফতারের আয়োজন।
দিনাজপুর থেকে ঢাকায় এসেছিলেন শিক্ষক তোরাব আলী ও জাহাঙ্গীর আলম। সাতটা চল্লিশে তাঁদের ট্রেন, সহযাত্রী আরও কয়েকজন মিলে ইফতারের আয়োজন করছিলেন। অন্য যাত্রীদের কেউ ছোলা-বুট কিনে এনেছেন, কেউবা বাসা থেকে বিরিয়ানি রান্না করে এনেছেন। আবার কেউ কেউ বিস্কুট পানি দিয়েই ইফতার সারছেন। দেশের বিভিন্ন জায়গার বাসিন্দা হলেও পবিত্র রমজান উপলক্ষে ইফতার সবাইকে একই ছাদের নিচে মিলিয়েছে। চলার পথে এভাবে ইফতার সারতে হলেও এই নিয়ে খেদ নেই কারও মনে। ‘আমরা গ্রামের মানুষ। বাড়ির বাইরে শহরে এসে ইফতার করতে ভালোই লাগছে’—বলছিলেন শিক্ষক তোরাব আলী।
ইফতারের কাছাকাছি সময়ে তিনটি ট্রেন ছেড়ে যায়। সন্ধ্যা ছয়টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস, সাড়ে ছয়টায় এগারসিন্দুর এক্সপ্রেস আর সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় চিত্রা। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও এগারসিন্দুর এক্সপ্রেসের যাত্রীদের অনেকেই ইফতার নিয়েই ট্রেনে উঠেছেন। সময় হলে চলন্ত টেনেই ইফতার সেরে নেবেন। গতকাল শনিবার কমলাপুর ঘুরে দেখা গেল, যাত্রীদের কেউ একা, আবার দুই, তিন বা চারজনের ছোট ছোট দলে বসে ইফতার করছেন। আর স্টেশনের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য বিভাগের কর্মচারী নিজ নিজ শাখায় একসঙ্গেই ইফতারের আয়োজন করেন।
ডাক বাছাই কেন্দ্রে যেতে দেখা গেল, কয়েকটি দলে বিভক্ত হয়ে ইফতার করছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। ব্যবস্থাপক জাকির হোসেন বললেন, প্রতিদিন ১৫-২০ জন একসঙ্গে ইফতার করেন তাঁরা। পরিবার-পরিজনের সঙ্গে ইফতার করার আনন্দ আলাদা। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ইফতার করেও সে রকম আনন্দ পান বলে জানালেন ব্যবস্থাপক জাকির হোসেন।
ইলিয়াস, বাবু, হৃদয়। স্টেশনে যাত্রীদের মালামাল বহন করে এই তিন পথশিশু। রোজা না থাকলেও মনের আনন্দে ইফতার করছিল তারা। বলল, ইফতার না করলে ভালো লাগে না।
টিকিট চেকার শফিক আহমেদের বাসা স্টেশনের কাছেই। কিন্তু চাকরির কারণে স্টেশনেই ইফতার সারতে হয়। জানালেন, সহকর্মীদের সঙ্গে ইফতার করতে ভালোই লাগে তাঁর।