ইফতারে রকমারি জিলাপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইফতারে জিলাপির কদর সব সময়। চট্টগ্রাম নগরের একটি রোস্তোরাঁ থেকে ছবিটি গত মঙ্গলবার বিকেলে তোলা l প্রথম আলো
ইফতারে জিলাপির কদর সব সময়। চট্টগ্রাম নগরের একটি রোস্তোরাঁ থেকে ছবিটি গত মঙ্গলবার বিকেলে তোলা l প্রথম আলো

ভাজাভুজির নানা পদের সঙ্গে কোনো একটা মিষ্টি পদ পাতে না থাকলে ইফতার যেন পূর্ণতা পায় না। আর মিষ্টি পদ বলতেই সবার আগে আসে জিলাপির নাম। তাই রমজান মাসে জিলাপির কাটতি ব্যাপক। রোজাদারদের চাহিদা পূরণে ফুটপাত থেকে শুরু করে নগরের তারকা হোটেল সবখানেই তৈরি হচ্ছে হরেক রকমের জিলাপি।

জিলাপির আকার ও স্বাদের ওপর ভিত্তি করে নাম ও দামে রয়েছে ভিন্নতা। এর মধ্যে দাম ও পছন্দ মিলিয়ে রেশমি জিলাপির চাহিদা বেশি। এ ছাড়া রয়েছে ছানা, শাহি, জাফরান মিল্ক, বোম্বাইয়া, হাজারি, জাফরানি, আমৃত্তি ও ছোট জিলাপি।

নগরের স্টেডিয়ামপাড়ার রোদেলা বিকেল, হল টোয়েন্টিফোর, এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটস, জিইসির মোড়ের হান্ডি, ক্যান্ডি, হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রো, মিঠাই, ফ্লেভার্স, পেনিনসুলা, দুই নম্বর গেটের আফগান, নিউ মার্কেটের হোটেল জামান, মালঞ্চ, চকবাজারের সবুজ হোটেল, চক মালঞ্চসহ বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে হরেক রকমের জিলাপি। এসব দোকান ও রেস্তোরাঁয় দুপুরের পর থেকে জিলাপি ক্রেতাদের লাইন পড়ে যায়।

স্টেডিয়ামপাড়ার রেস্তোরাঁ রোদেলা বিকেলের জাফরান মিল্ক, ছানা ও রেশমি জিলাপির চাহিদা বেশি। প্রতি কেজি জাফরান মিল্ক ৫০০ টাকা, ছানা ১০০০ টাকা ও রেশমি জিলাপির দাম ৬০০ টাকা। হল টোয়েন্টিফোরে প্রতি কেজি বড় জিলাপি ২৫০ ও ছোট জিলাপি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এনায়েত বাজার এলাকার রয়েল বাংলা সুইটসের প্রতি কেজি জিলাপির দাম পড়ে ২০০ টাকা। এদিকে জিইসির মোড়ের হান্ডিতে প্রতি কেজি রেশমি জিলাপি ৪০০ টাকা ও হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোতে প্রতি কেজি জাফরানি জিলাপি পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়। আফগান রেস্তোরাঁয় রয়েছে দুই ধরনের জিলাপি। এর মধ্যে প্রতি কেজি তিল কালি জিরা জিলাপি ৩৭০ টাকা ও রেশমি জিলাপি পাওয়া যাবে ৩৫০ টাকায়। ফ্লেভার্সে প্রতি কেজি হাজারি জিলাপি ২৯০ ও আমৃত্তি পাওয়া যাচ্ছে ৩৫০ টাকায়।