চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টা। মসজিদের উত্তর ও পূর্ব এই দুই প্রবেশপথের সিঁড়ি দিয়ে দলে দলে উঠছেন মুসুল্লিরা। মসজিদের খোলা বারান্দায় টানানো শামিয়ানার নিচে সারিবদ্ধ হয়ে বসে পড়ছেন তাঁরা। ইফতারের আগে মোনাজাত হলো। কিছু সময় পর মাইকে সাইরেন বেজে উঠল। একসঙ্গে ইফতার করলেন প্রায় দুই হাজার মুসল্লি।
আন্দরকিল্লা শাহি জামে মসজিদে রমজান মাসে ইফতারের প্রতিদিনকার চিত্র এটি। ইফতারে থাকে না কোনো শ্রেণি-পেশার ভেদাভেদ। আসরের নামাজের পর থেকেই মসজিদের বারান্দায় রোজাদারদের মধ্যে শুরু হয় ইফতারি বণ্টনের কাজ।
বারান্দায় শামিয়ানার নিচে আট সারিতে ও মসজিদের ভেতরে গতকালের ইফতারে জমায়েত হন হাজারেরও বেশি রোজাদার। সারিবদ্ধভাবে বসে সবাই ইফতার করেন। ইফতারিতে খেজুর, ছোলা, পেঁয়াজু, জিলাপি, সমুচা, নিমকি, মুড়ি, শরবতসহ নয়টি পদ পরিবেশন করা হয়। ২ হাজার ২০০ মানুষের জন্য গতকাল ইফতারের আয়োজন করা হয়।
উত্তর কাট্টলী থেকে গতকাল আন্দরকিল্লা শাহি জামে মসজিদে ইফতার করতে আসেন হোমিও চিকিৎসক মো. মাসুদুর রহমান। তিনি বলেন, ‘মহান সৃষ্টিকর্তার রহমতের আশায় এখানে আসি। এক কাতারে হাজার মানুষের সঙ্গে ইফতার করতে খুব ভালো লাগে।’
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওবায়দুল ইকরাম প্রথমবারের মতো বন্ধুকে সঙ্গে নিয়ে এই ইফতারে যোগ দেন। তিনি বলেন, ‘কয়েক বছর ধরেই এই মসজিদের ইফতারের কথা শুনে আসছিলাম। আজই প্রথম এলাম। অন্য ধরনের এক ভালো লাগার অনুভূতি হচ্ছে।’
ভিক্ষা করে সংসার চালানো নূর মোহাম্মদ গত বছর ধরে প্রতি রমজানে এই মসজিদে নিয়মিত ইফতার করছেন। এখানে এলে সমান মর্যাদা পান বলে তিনি জানান।
আন্দরকিল্লা শাহি জামে মসজিদের বয়স সাড়ে তিন শ বছর। মসজিদটির বর্তমান খতিব সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানীর উদ্যোগে ২০০৮ সাল থেকে বড় পরিসরে এই মসজিদে গণ-ইফতারের আয়োজন শুরু হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, পবিত্র রমজানের প্রথম ১০ দিন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়। এরপর থেকে প্রতিদিন দুই-আড়াই হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয়।
মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হলেও প্রতিদিনকার ইফতারের আয়োজন চলে ব্যক্তি উদ্যোগে। এর তদারক করেন শাহি জামে মসজিদ মুসল্লি পরিষদ। সমাজের ধনাঢ্য ও দানশীল ব্যক্তিরা এই আয়োজনের জন্য ইফতারের বিভিন্ন উপকরণ পাঠান। মসজিদের একপাশে সকাল থেকেই শুরু হয় ইফতারি তৈরি কার্যক্রম। বিকেল চারটার মধ্যেই তৈরি হয়ে যায় ইফতারসামগ্রী। এরপর মসজিদের বেতনভোগী কর্মচারীদের সঙ্গে বাইরে থেকে আসা স্বেচ্ছাসেবকেরা ইফতারি পরিবেশনে অংশ নেন।
মসজিদের খতিবের ব্যক্তিগত সহকারী মো. হাসান মুরাদ প্রথম আলোকে বলেন, প্রতিদিন আসরের নামাজের পর ধর্মীয় আলোচনা শুরু হয়। আসরের নামাজে আসা অনেক মুসল্লিই ইফতার পর্যন্ত এখানে থাকেন। এর বাইরে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ এসে ইফতারে শামিল হন। নারী মুসল্লিরা এখনো এই ইফতারে অংশ নেন না। তবে তাঁদের জন্যও কর্তৃপক্ষের প্রস্তুতি থাকে বলে জানান তিনি।
ইফতার আয়োজনের তদারকিতে থাকা মুসল্লি পরিষদের সদস্য মো. আমানুল্লাহ ও দ্বীন ইসলাম বলেন, ‘এখানে ইফতারের সময় আসা কোনো মানুষকে আমরা ফিরিয়ে দিই না। ইফতারি পরিবেশনার সময় যে আনন্দের অনুভূতি হয়, তা বলে বোঝানো যাবে না।’