ইফতারে হামলা-লুটপাট কলাপাড়ায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরে গতকাল বুধবার একই দিনে ১০০ গজ ব্যবধানে বিএনপি ও ছাত্রলীগ ইফতার মাহফিলের ঘোষণা ও মঙ্গলবার বিএনপির ইফতারে হামলা-লুটপাটের কলাপাড়া পৌর শহরে গতকাল ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলা বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করে শহরের নতুন বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গণে। উপজেলা ছাত্রলীগও সোমবার রাতে মাইকিং করে একই দিন বিএনপির কার্যালয় থেকে ১০০ গজ দূরে নতুন বাজার জামে মসজিদে ইফতার মাহফিলের ঘোষণা দেয়। আগের দিন রাতে উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক নান্নু মুন্সির বাসায় ইফতারের রান্না চলছিল। রাত সাড়ে আটটার দিকে ওই বাসায় হামলা চালিয়ে ইফতারির মালামাল ও সাতটি গরু লুট করা হয়। এ সময় হামলাকারীদের হাতে কয়েকজন নেতা-কর্মী লাঞ্ছিত হন। গতকাল উপজেলা বিএনপির সভাপতির বাসভবনে সংবাদ সমেঞ্চলনে অভিযোগ করা হয়, উপজেলা ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সৈয়দ নাসির উদ্দিন ঘটনার সঙ্গে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগে অস্বীকার করে বলেন, ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার প্রশ্নই উঠে না। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী বলেন, আগের রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লুটপাটের কোনো অভিযোগ তাঁদের কাছে কেউ করেনি। পরিস্থিতি পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।