ইফতারেও বিশ্বকাপের বাগ্যুদ্ধ
ইফতারের সময় হয়ে এসেছে। ‘জলদি জলদি কর’ বলে তোড়জোড় করে যাচ্ছেন আসমা জাহান। আর এদিকে তখনো বাগ্যুদ্ধ চলছে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে।
এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ২০৫ নম্বর রুমের চিত্র। গতকাল বুধবার এভাবেই ইফতারের সময় বিশ্বকাপ নিয়ে খুনসুটি করতে দেখা যায় শিক্ষার্থীদের।
কিছু শিক্ষার্থী এদিক-সেদিক ছুটছেন তখনো। তাঁরা ডাইনিং রুম থেকে ইফতারি কিনে আনছেন। অবশ্যই চাঁদা তুলে। আর স্বাস্থ্যসচেতন আসমা জাহান নিজ হাতে ছোলা, বেগুনি, পেঁয়াজু ও বেগুনি তৈরি করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসমা জাহান জানান, আগের রাত থেকে শুরু হয়েছে এই বাগ্যুদ্ধ। ছয়জনের রুমে সুমাইয়া আক্তার নামে দুই মিতার সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে বিশ্বকাপ নিয়ে। বন্ধুদের মধ্যে সায়রা মুনিরা এ রুমের সবচেয়ে কনিষ্ঠ। তিনি দৌড় দিয়ে জানালার গ্রিল থেকে পতাকা খুলে নিয়ে এসেছেন। কারণ, তিনি আসলে জার্মানির সমর্থক। ভৈরবের তাসলিমা জাহান দুষ্টুমি করে বললেন, ‘বিশ্বকাপ যে জয় করবে, আমি সে দেশের পক্ষে, এবার তোরা থাম।’ এর ফাঁকেই প্লেটে সাজানো হয়েছে খেজুর, কলা, আম, আনারস মুড়ি। তৈরি হয়েছে লেবু-চিনির শরবত। এদিনের ইফতারের বিশেষ আকর্ষণ ডিমের বড়া, যা তৈরি করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে সবার। কারণ, প্রথমবারের মতো তৈরি করা হয়েছে বিশেষ এ খাবার।
এদিকে পাশের রুমের দুজনকে দাওয়াত দেওয়া হয়েছে। শর্ত একটাই, নিজ নিজ প্লেট-গ্লাস নিয়ে আসতে হবে। আর অতিথিরা সঙ্গে করে ‘সেভেনআপ’ নিয়ে এলে কেউ কিছুই মনে করবেন না বলেও ঘোষণা দিচ্ছেন সিমু।
রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তারের মন খুব খারাপ। তিনি জানান, তাঁর বাড়ি যেতে ইচ্ছে করছে। পাশ থেকে চারুকলার শিক্ষার্থী নাহিদা নিশা সান্ত্বনা দিয়ে বলে ওঠেন, ‘আরে, বাদ দে, বাড়িতে গেলে এই আনন্দ করতে পারবি বোকা।’
হলের শিক্ষার্থীরা এভাবেই আপাতত ভুলে থাকছেন বাড়ির কথা। সবাই মিলে দিন গুনতে থাকেন, ‘কবে আসবে ঈদ?’ কবে যাব বাড়ি?’