ইফতারের অতুল অনুষঙ্গ হালিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে ইফতারের আবশ্যক উপাদানে পরিণত হয়েছে হালিম। ফলে তারকা হোটেল থেকে পাড়ার হোটেলেও বিক্রি হচ্ছে হালিম। বাসাবাড়িতেও হালিম তৈরি হয় এখন। একসময় বাসায় খুব কম হলেও এখন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হালিম মিক্স প্যাকেটজাত করে বিক্রি করছে। এতে রন্ধনপ্রণালিও বেশ সহজ হয়েছে। তাতে বাসায় হালিম রান্নার প্রবণতাও বেড়েছে।

রমজানে নগরের অলিগলিসহ সবখানে পাওয়া যায় নানা ধরনের হালিম l ছবি: প্রথম আলো
রমজানে নগরের অলিগলিসহ সবখানে পাওয়া যায় নানা ধরনের হালিম l ছবি: প্রথম আলো

ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে এখন কয়েক রকমের হালিম পাওয়া যায়। এর মধ্যে দাম ও পছন্দ মিলিয়ে গরুর মাংসের হালিম বেশি জনপ্রিয়। এ ছাড়া আছে মাটন বা খাসির হালিম, চিকেন বা মুরগির মাংসের হালিম। মাংসের ভিন্নতা ছাড়া হালিমের অন্য উপকরণ প্রায় একই। রন্ধনপ্রণালিও অভিন্ন।

পুরান ঢাকার চকবাজারে হালিম বিক্রি করছে আমানিয়া রেস্টুরেন্ট, ডিসেন্ট পেস্ট্রি শপ, বোম্বে কনফেকশনারি, আলাউদ্দিন সুইটমিট ও আনন্দ, জনসন রোডের হোটেল স্টার, হোটেল ঘরোয়া, মতিঝিল ঘরোয়া, গোপীবাগের খাজা হালিম এবং বেইলি রোডের ফখরুদ্দীন, নবাবি ভোজসহ বিভিন্ন দোকানে।

এর মধ্যে ২০ বছর ধরে হালিম বিক্রি করছে আমানিয়া রেস্টুরেন্ট। কিন্তু তাদের কেউই হালিমের ইতিহাস সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি। আমানিয়া রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. হানিফ বলেন, তিনি এই রেস্টুরেন্ট চালু হওয়ার পর থেকেই ব্যবস্থাপকের দায়িত্বে আছেন। বিভিন্ন ধরনের ডাল, মসলা ও খাসির মাংস দিয়েই হালিম তৈরি করতে দেখে আসছেন। কিন্তু কীভাবে এই খাবারের চল হলো, তা তিনি জানেন না।

কলাবাগান এলাকায় ‘মামা হালিম’ বেশ পরিচিত। এর স্বত্বাধিকারী দীন মোহাম্মদ (৬৪) দাবি করেন, স্বাধীনতার পর তিনি হালিম বিক্রি শুরু করেন। স্বাধীনতার আগে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে একটি হালিমের দোকানে তিনি কাজ করতেন বলে জানান। সেখানেই তিনি হালিম রান্না শেখেন।

বাংলাদেশের মতো ভারতেও রমজানে মুসলিমপ্রধান এলাকায় হালিম বিক্রি হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশেষভাবে তৈরি করা সুস্বাদু এই হালিমের উৎপত্তি মূলত হায়দরাবাদে। তবে সুলতান সাইফ নওয়াজ জংয়ের সময় হায়দরাবাদে জনপ্রিয় হয় হালিম। সীমানা পেরিয়ে ঢাকায় চলে আসে হালিম। এখন বাঙালিদের হাত ধরে হালিম ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালিতে প্যাকেটজাত হালিম রপ্তানি করছে প্রাণ গ্রুপ। স্কয়ার গ্রুপের প্যাকেটজাত হালিম যাচ্ছে মধ্যপ্রাচ্যসহ অন্তত ২০টি দেশে। হালিম হয়ে উঠছে বিশ্বজুড়ে ইফতারের অতুল অনুষঙ্গ।