ইফতারের জন্য ফুটপাতের দোকানই গরিবের ভরসা
রোজা রাখার ক্ষেত্রে আমির-ফকির কোনো ভেদাভেদ না থাকলেও ইফতার আর সেহিরর আয়োজনে দুস্তর তফাত। বিশেষ করে ইফতারের সময় তফাতটা চোখে পড়ে রাজপথে পা দিলেই। পাঁচতারা হোটেল থেকে শুরু করে বড় রাস্তার ভদ্রস্থ রেস্তোরাঁগুলো নানা ধরনের ইফতারির পসরা সাজিয়ে রাখে রোজার শুরু থেকেই। কিন্তু একেবারে নিম্ন আয়ের ভাসমান মানুষের কপালে জোটে না তা। তাদের ভরসা শুধুই ফুটপাতে তৈরি হওয়া ইফতারসামগ্রী।রাজধানীতে হতদরিদ্রদের ইফতারি বেশির ভাগ ক্ষেত্রে বিক্রি হয় ফুটপাতঘেঁষা ভ্যানে। অনেক ক্ষেত্রেই এসব ইফতারসামগ্রী তৈরিও করা হয় ভ্যানগাড়িতেই। তবে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কেউ কেউ বাসা থেকে ইফতারি তৈরি করে এনে তা ফুটপাতে বিক্রি করেন। রাজধানীর প্রায় সব অলিগলি, পাড়া-মহল্লা ও ব্যস্ত সড়কের ফুটপাতে চোখে পড়ে ভাসমান ইফতারির দোকান। কারওয়ান বাজার, ফার্মগেট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, পলাশী মোড়, নীলক্ষেত, গুলিস্তান, জিপিও, বায়তুল মোকাররম, মতিঝিল, টিকাটুলি, ফকিরাপুল, শাহবাগের গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘর এলাকা, হাইকোর্টের সামনে, চানখারপুলসহ রাজধানীর বিভিন্ন স্থানের ফুটপাতে ভাসমান ইফতারির দোকান দেখা যায় বেশি।পোশাককর্মী, রাস্তার পাশের ক্ষুদ্র দোকানের কর্মচারী, পথচারী, রিকশা-ভ্যান-ঠেলাচালক, ফুল-বাদাম-চা-সিগারেট বিক্রেতারাই মূলত এসব দোকান থেকে ইফতারি কিনে থাকেন। তবে কম দাম বলে কিছু নিম্ন-মধ্যবিত্ত মানুষও ফুটপাতের দোকান থেকে ইফতারি কেনেন। হাতের কাছে পাওয়া যায় বলে ট্রাফিক সার্জেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্যও এসব দোকানই ভরসা।ফুটপাতের দোকানে সাধারণত খুব পরিচিত ধরনের সাধারণ ইফতারসামগ্রী বিক্রি হয়। বিভিন্ন স্থানের বেশ কয়েকটি ফুটপাতের দোকান ঘুরে দেখা যায়, তাঁদের ইফতারির সম্ভারের মধ্যে রয়েছে শাকসবজি দিয়ে তৈরি বড়া, পেঁয়াজু, ছোলা, বেগুনি, আলুর চপ, ঘুগনি, বুন্দিয়া ও মুড়ি। বড়া, পেঁয়াজু, ছোলা ও বেগুনি প্রতিটি দুই টাকা করে। আলুর চপ দুই থেকে পাঁচ টাকা এবং ঘুগনি ও বুন্দিয়া সর্বনিম্ন পাঁচ টাকা। আর ৫, ১০, ১৫ ও ২০ টাকার প্যাকেটে বিক্রি হয় মুড়ি। তবে এসব ইফতারসামগ্রী তুলনায় সুলভ হলেও খেজুরের দাম গরিবদের হাতের নাগালে নেই। ফুটপাতের দোকানগুলোতেও খেজুরের দাম ৭০ থেকে ৮০ টাকা কেজি। এসব দোকানেও ২৫০ গ্রামের নিচে খেজুর বিক্রি করা হয় না। ইফতারের একটু আগে ফার্মগেটের ফুটপাত থেকে ইফতারি কিনছিলেন শনির আখড়ার মুদি দোকানি আবুল হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘একটা কাজে ফার্মগেট আইছিলাম। কিন্তু রাস্তায় এত বেশি জাম (যানজট) যে ইফতারের সময় বাসায় যাইতে পারব কি না, তার ঠিক নাই। তাই ফুটপাত থিকাই কিছু ইফতারি কিনছি।’ ফুটপাতের কয়েকজন ইফতারির ব্যবসায়ী জানান, অবিক্রীত খাবারগুলো দিয়ে তাঁরা নিজেরাই ইফতার সারেন। এ সময় আশপাশের ভাসমান লোকদের তাঁরা ইফতারে শামিল করে থাকেন।