ইফতার-সেহ্রিতেও মুন্সিগঞ্জে গ্যাস-সংকট
মুন্সিগঞ্জে তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। রোজার সময় এ সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন গৃহিণীরা। ইফতার ও সেহ্রি তৈরি করতে গিয়ে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্যাসের চুলা রেখে অনেকে লাকড়ি ও কেরোসিনের চুলা ব্যবহার করছেন।
গ্যাস ব্যবহারকারীদের অভিযোগ, সারা দিন চুলায় গ্যাস থাকে না। রাতে অল্প চাপে গ্যাস এলে না ঘুমিয়ে রান্নার কাজ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও রোজার মাসে সমস্যা আরও বেড়েছে। অনেকে রোজা রেখে রান্না করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন।
স্থানীয়রা জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার দাবিতে একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। তাতেও কর্তৃপক্ষের টনক নড়ছে না।
শহরের কোটগাঁও এলাকার গৃহবধূ আমেনা আক্তার বলেন, ‘গ্যাস না থাকায় ইফতার বানাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেহ্রি ও রাতের খাবার তৈরি করতে মাটির চুলা ব্যবহার করছি। প্রতিদিন এ কষ্ট আর সহ্য হচ্ছে না।’ মানিকপুরের বাসিন্দা মাজেদা বেগম জানান, চুলায় গ্যাস না থাকায় দোকান থেকে ইফতার কিনে আনতে হচ্ছে।
ইসলামপুরের মরিয়ম আক্তার নামের এক উন্নয়নকর্মী বলেন, মুন্সিগঞ্জে গ্যাস-সংকট দীর্ঘদিনের ঘটনা হলেও সম্প্রতি তা তীব্র আকার ধারণ করেছে। অফিসের কাজ শেষে বাসায় ফিরে রান্নাবান্নার কাজে গ্যাস পাওয়া যায় না। এ কারণে তাঁর মতো শহরের প্রতিটি এলাকায় গৃহিণীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভোক্তার অধিকার সংগঠনের সভাপতি জাহাঙ্গীর সরকার বলেন, ‘গ্যাস-সংকটের দাবিতে আমরা একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। কিন্তু তারপ রও কর্তৃপক্ষের টনক নড়ছে না। অথচ মাস শেষে গ্রাহকদের ঠিকই বিল পরিশোধ করতে হচ্ছে। আমরা শিগগিরই বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।’
নাম প্রকাশে অনিচ্ছুক তিতাস গ্যাসের এক ঠিকাদার জানান, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বেশি দেওয়া হচ্ছে। ফলে বাসাবাড়িতে গ্যাস কম পাওয়া যাচ্ছে।
তিতাস গ্যাসের মুন্সিগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক আরমানুল রেজা ভূঁইয়া বলেন, মুন্সিগঞ্জের জন্য সিদ্ধিরগঞ্জ থেকে গ্যাসের আরেকটি বিকল্প লাইন আনতে পারলে সংকট কাটিয়ে ওঠা যাবে। সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।
মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস বলেন, ‘কর্তৃপক্ষকে মানুষের দুর্ভোগের কথা জানিয়ে সংকট নিরসনের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছি।’