ইবতেদায়িতে পাসের হার ৯৫.৮০ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৯৫ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৫৩ জন। গতকাল সোমবার পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এ বছর দুই লাখ ৭৩ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে দুই লাখ ৬২ হাজার ৪৭২ জন সব বিষয়ে পাস করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৩২০ জন ছাত্র এবং এক লাখ ৩৩ হাজার ১৫২ জন ছাত্রী।
পাসের হারে শীর্ষে বরিশাল বিভাগ (৯৭.৭৮ শতাংশ) এবং জেলার মধ্যে শীর্ষে লালমনিরহাট (শতভাগ)। দেশের ৮৪টি উপজেলায় শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। সর্বনিম্ন পাসের হার সিলেট জেলা (৯০.৬০ শতাংশ) এবং জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলায় (৭১.৩৯ শতাংশ)।
ডিআরভুক্ত ছাত্র-ছাত্রী, অনুপস্থিতির হার, জিপিএ-৫ প্রাপ্তি এবং পাসের হারের ভিত্তিতে সেরা ২০টি মাদ্রাসার তালিকা করা হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছে ঢাকার তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা, দ্বিতীয় স্থানে ডেমরার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, তৃতীয় স্থানে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, চতুর্থ স্থানে ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, পঞ্চম স্থানে রাজশাহীর আল মারকাযুল ইসলামী আস-সালাফী দাখিল মাদরাসা, ষষ্ঠ স্থানে ঢাকার আবদুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, সপ্তম স্থানে নোয়াখালীর মিরওয়ারিশপুর সিনিয়র মাদরাসা, অস্টম স্থানে ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, নবম স্থানে ডেমরার তামিরুল মিল্লাত কামিল মাদরাসা মহিলা শাখা, দশম স্থানে পাবনা ইসলামিয়া আলিম মাদরাসা রয়েছে।