ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে শবে বরাত
ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাতের রাত। এশার নামাজের পর থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে মুসল্লিরা রাত জেগে দোয়া-মাহফিলে অংশ নিচ্ছেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ মাগরিব ও বাদ এশা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়ায় সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি। এ ছাড়া রাত দুইটায় পবিত্র শবে বরাতের তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, ‘মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়।’ সমাজের দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আসুন সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তিসমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবে বরাত উপলক্ষে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।