ইবাদত-বন্দেগির মধ্যে কাটছে হাজিদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালন করতে এসে হজযাত্রীরা ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে জিলহজ মাসের ৭ থেকে ১২ তারিখ হজের আনুষ্ঠানিকতায় পূর্ণ থাকে। আর আছে মদিনায় মসজিদে নববিতে আট দিন ৪০ ওয়াক্ত নামাজ আদায় করা। তবে এটা হজের অংশ নয়। বাকি দিনগুলো ইবাদত-বন্দেগি আর স্বাভাবিক জীবনযাপনে কাটে হজ পালনকারীদের।
বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজারের বেশি মুসলমান পবিত্র হজ পালন করতে আসবেন। বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসা এই হজযাত্রীরা বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। গতকাল শনিবার মক্কার মিসফালাহ এলাকায় ইবরাহিম খলিল রোডে এমনই একটি হোটেল কাম বাড়িতে হজযাত্রীদের দেখা গেল, টিভিতে বাংলাদেশের খবর দেখছেন।
বগুড়ার সোনাতলা মহিচরণ উচ্চবিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল কাদের কাপড় ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিচয়ের পর বললেন, ‘আল্লাহর অশেষ রহমত, কাবাঘর দেখলাম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কাবাঘরে পড়ছি। এর চেয়ে শান্তির আর কী আছে। জীবনের পরম পাওয়া বলতে পারেন।’ এই কক্ষে আরও থাকেন নীলফামারীর মো. জিয়াউল হক, রাজশাহীর মো. রেজাউল করিম ও চাঁপাইনবাবগঞ্জের মো. আলী আশরাফ।
মো. আবদুল কাদের ও মো. আলী আশরাফ সস্ত্রীক এসেছেন পবিত্র হজ পালন করতে। মো. আলী আশরাফ বললেন, ‘আবহাওয়াটা বেশ গরম।’ তবে তাঁরা এ নিয়ে তেমন ভাবেন না। এই কক্ষের সবাই ইতিমধ্যে হাজরে আসওয়াদে চুমু খেয়েছেন, প্রতিদিন জমজমের পানি খাচ্ছেন তাঁরা।
এই ভবনের ফরিদা জামান বললেন, আশপাশের সবাই বাংলাদেশি। বাংলায় কথা বলেন। তাই বিদেশ বলে মনে হচ্ছে না। মো. আবু মুসা সালেহ বললেন, ‘মিনা (হজযাত্রীরা হজের সময় যেখানে অবস্থান করবেন), মুজদালিফা, আরাফাতের ময়দান, জাবালে সোর, হেরা গুহা, জিন মসজিদ, জান্নাতুল মুআলা দেখে আসছি। এত শান্তি লাগছে, ভাষায় প্রকাশ করতে পারব না।’
হজযাত্রীরা যে এজেন্সির মাধ্যমে আসেন, তারা তিন বেলা খাবার সরবরাহের দায়িত্বে থাকে। হাজিদের জন্য রান্না করেন বাংলাদেশি বাবুর্চি মনির, বাড়ি জামালপুর। পাঁচ-ছয় বছর ধরে মক্কায় হাজিদের রান্না করে খাওয়ান তিনি। বললেন, ‘হাজিদের জন্য রান্না করে আনন্দ পাই। তাঁদের খেদমত করতে পারছি, এটাই আনন্দ।’