ইবিআরের তিনটি ইউনিটকে 'জাতীয় পতাকা' প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) তিনটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন, কর্তব্যনিষ্ঠা ও দেশসেবার স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হয়।

এ উপলক্ষে চট্টগ্রাম সেনানিবাসে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে কুচকাওয়াজে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, রেজিমেন্টের সদস্যরা অতীতের মতো আগামীতেও দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাসহ অর্পিত দায়িত্ব সফলতার সঙ্গে পালনে সক্ষম হবেন। রেজিমেন্টের সদস্যরা কর্মজীবনের সব ক্ষেত্রে পেশাদারত্ব ও দক্ষতার উন্নয়ন ঘটিয়ে জাতি গঠনে বলিষ্ঠ অবদান রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় পতাকা পাওয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) তিনটি ইউনিট হলো রংপুর সেনানিবাসের ৩৪ ই বেঙ্গল, শহীদ সালাউদ্দীন সেনানিবাসের ৩৬ ই বেঙ্গল ও জালালাবাদ সেনানিবাসের ৩৮ ই বেঙ্গল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা যেকোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও গৌরবের বিষয়। আজ সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দেওয়া হলো।’ এই বিরল সম্মান ও গৌরব অর্জন করায় তিনি ৩৪, ৩৬ ও ৩৮ ইস্ট বেঙ্গলকে আন্তরিক অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পদাতিক বাহিনী হিসেবে তাদের নিয়মিত দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি এ রেজিমেন্টের সদস্যদের যখনই তলব করা হয়েছে, তখনই বেসামরিক সরকারকে সহায়তা করছেন এবং বিশ্ব পরিমণ্ডলেও তাঁদের কর্মদক্ষতার স্বাক্ষর রেখে উজ্জ্বল করে তুলছেন দেশের ভাবমূর্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাবাহিনীপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া তাঁকে অভ্যর্থনা জানান। জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান উপলক্ষে সেন্টারে ইবিআরের তিনটি ইউনিটের একটি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে কমান্ড দেন লে. কর্নেল মোহাম্মাদ বশিরুল হক।

প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় সংগীত বাজানো হয়। প্রধানমন্ত্রী ইউনিট কমান্ডারদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, নৌবাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং বিশিষ্ট বেসামরিক ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস