ইবিতে নতুন প্রক্টর, খুলেছে আবাসিক হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হলেও ক্যাম্পাসের কোনো কার্যক্রম শুরু হয়নি। অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমানকে অব্যাহতি দিয়ে তালুকদার মো. লোকমান হাকিমকে নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। সংঘর্ষকালে পুলিশের গুলিতে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনার জন্য প্রক্টরকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একপক্ষ। প্রক্টর ইস্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের মধ্যে বিভাজন তৈরি হয়। ফলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়।

এদিকে অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ দুপুর ১২টার দিকে এক জরুরি বৈঠকে বসে। সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে বিকেলে প্রক্টরকে অব্যাহতি দিয়ে নতুন প্রক্টর নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার প্রথম আলোকে বলেন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বিরুদ্ধে অভিযোগ আসায় জরুরি বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীকাল থেকে ক্যাম্পাসের সব কার্যক্রম শুরু হবে ।

এদিকে আজ সকাল সাড়ে ১০টার দিকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, টিএসসিসি, প্রশাসন ভবন, উপাচার্যের বাসভবন ও অনুষদগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। এ ছাড়াও হলের হাজিরা খাতায় স্বাক্ষর করে শিক্ষার্থীদের হলে ঢুকতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ অফিসই ছিল তালাবদ্ধ এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।

এর আগে গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।