ইবোলা আক্রান্তদের জন্য ওষুধ পাঠাবে বাংলাদেশ
পশ্চিম আফ্রিকার তিনটি দেশ মালি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসে আক্রান্তদের জন্য এক কোটি টাকার ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান। তিনি বলেন, সিয়েরা লিওন দূতাবাসের অনুরোধে বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সামরিক বাহিনীর চিকিৎসক দল ইবোলা আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি একটি সূত্র বলছে, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের প্রায় ৮০০ সদস্য আছেন।
এ বছরের ২৩ মার্চ পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা ভাইরাস সংক্রমণ দেখা দেয়। দ্রুত রোগটি অন্য দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১৯ আগস্ট পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৪০ জন। এঁদের মধ্যে মারা গেছেন এক হাজার ২২৯ জন। ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা তীব্র জ্বরে ভোগেন। আক্রান্ত ব্যক্তিদের শরীর থেকে নির্গত তরল পদার্থের সংস্পর্শে এলে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।