ইবোলা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক চিকিৎসকেরা। গতকাল সোমবার বিএসএমএমইউর শহীদ ডা. মিলন হলে ‘ইবোলা ভাইরাস আতঙ্ক: আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে তাঁরা এ পরামর্শ দেন।
সেমিনারে বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ‘ইবোলা নিয়ে আমরা সচেতন আছি। যথেষ্ট প্রস্তুতিও আছে। রোগটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
সেমিনারের অন্যতম বক্তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এম মুশতাক হোসেন বলেন, পশ্চিম আফ্রিকার দেশগুলোয় হাসপাতালগুলোতে সংক্রমণরোধী ব্যবস্থা না নেওয়ায় ইবোলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল প্রস্তুত আছে। এ ছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত প্রতিটি হাসপাতালে আলাদা ওয়ার্ড আছে। কারও শরীরে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ামাত্রই আইইডিসিআরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মুশতাক হোসেন আরও বলেন, ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে হাসপাতালের শৌচাগার ও বেসিন বারবার পরিষ্কার করা জরুরি। এ ছাড়া মৃতদেহ সৎকার করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিএসএমএমইউর মেডিসিন বিভাগের শিক্ষক জিলন মিয়া সরকার বলেন, যদি কেউ ইবোলা ভাইরাসের সংক্রমণ ঘটেছে এমন জায়গায় যান, অবস্থান করেন, অসুস্থ মানুষের সংস্পর্শে আসেন, পোকামাকড়, জন্তু-জানোয়ারের কামড় খান, আক্রান্ত ব্যক্তিকে দেখতে হাসপাতালে যান এবং মৃতদেহের গোসলে অংশ নেন তাহলে তিনি ঝুঁকিতে পড়তে পারেন। তিনি বলেন, এ রোগের চিকিৎসায় বারবার স্যালাইন খাওয়াতে হবে।
ভাইরোলজি বিভাগের শিক্ষক সাইফুল্লাহ মুন্সী বলেন, রোগটি সেরে যাওয়ার পর সাত সপ্তাহ পর্যন্ত সংক্রমণের আশঙ্কা থাকে। এ সময় ওই ব্যক্তির ঘনিষ্ঠ সান্নিধ্যে যাওয়া উচিত নয়। মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক চন্দন কুমার রায় আক্রান্ত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের পর ভালো করে এক মিনিট পর্যন্ত সাবান দিয় ঘষে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।
সেমিনারে জানানো হয়, এ সময় ৩০টির বেশি ভাইরাসের সঙ্গে লড়তে হচ্ছে মানবজাতিকে। ডেঙ্গু ছাড়া বাকি ৩০টির উৎস জন্তু-জানোয়ার। ইবোলার প্রধান উৎস শিম্পাঞ্জি ও গরিলা। পশ্চিম আফ্রিকার দেশগুলোয় বন্য জন্তু শিকার করে খাওয়ার চল আছে। মানবদেহে ইবোলার সংক্রমণ ঘটলে হঠাৎ প্রচণ্ড জ্বর, দুর্বলতা, মাংসপেশিতে যন্ত্রণা, গলাব্যথা, র্যাশ ওঠা, ডায়রিয়া, বমি, মাথাব্যথা ও রক্তক্ষরণ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এবারের ইবোলা ভাইরাসের সংক্রমণে ২২ আগস্ট পর্যন্ত পশ্চিম আফ্রিকার দেশগুলোয় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৬১৫ জন, মৃতের সংখ্যা এক হাজার ৪২৭ জন।