ইবোলা ভাইরাস নিয়ে প্রস্তুত নজরদারি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবোলা ভাইরাস-সংশ্লিষ্ট যেকোনো সমস্যা মোকাবিলা করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর প্রস্তুত আছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক জানিয়েছেন, ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করার জন্য অধিদপ্তরের নজরদারি দলকে প্রস্তুত রাখা হয়েছে। এই রোগ নিয়ে এ দেশে উদ্বেগের কিছু নেই।
সরকারের একটি সূত্র জানিয়েছে, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের প্রায় ৮০০ সদস্য আছেন। এঁদের কারও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এসব সদস্যের জন্য বিশেষ গাউন ও মুখোশ পাঠানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন, নাইজেরিয়া—পশ্চিম আফ্রিকার এই চারটি দেশ থেকে আসা কোনো লোক হাসপাতালে ভর্তি হলে তাঁর ওপর নজর রাখার জন্য সব সরকারি হাসপাতাল ও বিশেষ কিছু বেসরকারি হাসপাতালে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রোগী নিয়ে সন্দেহ দেখা দিলে তার শরীর থেকে রক্তের বা কণ্ঠের লালার নমুনা সংগ্রহ করা হবে। রোগ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ওই নমুনা যুক্তরাষ্ট্রের সিডিসিতে (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) পাঠানো হবে। তিনি বলেন, এই রোগ শনাক্ত হলে তা দেশেই ব্যবস্থাপনা করা যাবে।
সম্প্রতি গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন, নাইজেরিয়া—পশ্চিম আফ্রিকার এই চারটি দেশে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত পরশু পর্যন্ত আক্রান্ত ছিল এক হাজার ৭০০ জনের বেশি। গত পরশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপকভাবে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইবোলায় আক্রান্ত রোগীদের তীব্র জ্বর হয়। জ্বরে আক্রান্তদের মৃত্যুহার ৯০ শতাংশ। বন্য প্রাণী থেকে এই ভাইরাস প্রথমে মানুষে এবং পরে মানুষ থেকে মানুষে ছড়ায়।
মাহমুদুর রহমান বলেন, ইবোলা ভাইরাস পরীক্ষার জন্য রাসায়নিক (রিএজেন্ট) চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির কাছে অনুরোধ জানানো হয়েছে। তা পাওয়া গেলে দেশেই রোগী পরীক্ষা করা যাবে।
দীন মোহাম্মদ নূরুল হক বলেন, করণীয় ঠিক করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিভাগ এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শিগগিরই সভা করবে।