হাইকোর্টের নির্দেশের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ইবোলা ভাইরাসে আক্রান্ত যাত্রী শনাক্ত করতে দুজন স্বাস্থ্যকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু ওই স্বাস্থ্যকর্মীদের কাছে ভাইরাস শনাক্তের দরকারি সরঞ্জাম নেই। তাঁরা নিজেরাও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছেন না।
গত শনিবার বন্দরে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য বিভাগের দুজন স্বাস্থ্য সহকারী অভিবাসন কার্যালয়ের বারান্দায় বসে আছেন। তাঁরা আগত যাত্রীদের কাছে জানতে চাইছেন, তাঁদের শরীরে জ্বর, শ্বাসকষ্টের মতো কোনো উপসর্গ আছে কি না। দুজন স্বাস্থ্য সহকারীই বিশেষ পোশাক পরে আছেন। তবে তাঁদের মুখে মাস্ক বা হাতে গ্লাভস নেই। এ ছাড়া তাঁরা সাধারণ স্যান্ডেল পরে আছেন।
বন্দরে খোঁজ নিয়ে জানা যায়, আগত যাত্রী ইবোলা ভাইরাস বহন করছেন কি না, তা নির্ণয় করার কোনো যন্ত্রপাতি ওই স্বাস্থ্য সহকারীদের কাছে নেই। ইবোলা ভাইরাসের উপসর্গের সঙ্গে কোনো যাত্রীর শরীরের উপসর্গের মিল আছে কি না, তা নির্ণয় করারও কোনো ব্যবস্থা নেই। এমনকি যাত্রীর শরীরের সাধারণ তাপমাত্রা মাপার থার্মোমিটারও নেই তাঁদের কাছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহর মতে, ইবোলায় সংক্রমিত ব্যক্তির কাছে যাওয়ার সময় পুরো শরীর ঢেকে মাস্ক ও গ্লাভস পরে সতর্কতা
অবলম্বন করতে হবে। আক্রান্ত ব্যক্তির শরীর নিঃসৃত যেকোনো ধরনের রস যাতে কোনোভাবেই শরীরের সংস্পর্শে না আসে, সেটাও খেয়াল করা দরকার।