ইবোলা ঠেকাতে ৯০ দিনের সতর্ক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস প্রতিরোধে ৯০ দিনের সতর্কতামূলক কর্মসূচি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যবস্থার অংশ হিসেবে সব আন্তর্জাতিক স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ মেডিকেল দল কাজ করবে।

আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব কথা বলেন। ওই সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান, রোগতত্ত্ব, রোগনিরাময় ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বন্দরগুলোতে যে দলটি কাজ করবে সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন। ইবোলা ভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রম তদারকির জন্য স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট একটি পৃথক ওয়ার্ড খোলা হচ্ছে। ইবোলা উপসর্গ বহনকারী রোগী পেলে তাকে তাত্ক্ষণিকভাবে সেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।
হুর হিসাব মতে, এ পর্যন্ত ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩২ জন প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিয়ন ও নাইজেরিয়ার রোগটির প্রকোপ দেখা গেছে। সাধারণত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে কোনো রোগ ছড়িয়ে পড়তে শুরু করলে হু জরুরি অবস্থা ঘোষণা করে। সম্প্রতি এক ব্যক্তি আইভরিকোস্ট থেকে লন্ডন হয়ে নাইজেরিয়ায় যান। সেখানে গিয়ে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর হুর পক্ষ থেকে সংক্রমণ প্রতিরোধে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, ইবোলার উপসর্গ ডেঙ্গুর মতো। আক্রান্ত ব্যক্তির জ্বর ও জ্বরের সঙ্গে রক্তক্ষরণ হয়। সংক্রমিত হলে রোগীকে অবশ্যই হাসপাতালে নিতে হবে। রোগটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় হাসপাতালগুলোতেও বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেসব চিকিত্সক ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন তাঁদেরও বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। তাঁদের মাস্ক ও গ্লাভস পরতে হবে এবং বারবার হাত ধুতে হবে।
উল্লেখ্য, ৯০ ভাগ ক্ষেত্রে ইবোলায় আক্রান্ত ব্যক্তি প্রাণ হারান।
আইইডিসিআর বলছে, আফ্রিকা থেকে ঘুরে এসেছেন বা ঘুরে আসা কারও সংস্পর্শে এসেছেন এমন কারও জ্বর ও সেই সঙ্গে রক্তক্ষরণ হলে জরুরিভিত্তিতে চিকিত্সকের পরামর্শ নিতে হবে। সরকারের প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে আইইডিসিআরের হট নম্বর দেওয়া আছে। রোগী পেলেই আইইডিসিআরকে অবহিত করার অনুরোধ জানানো হবে।