ইবোলা প্রতিরোধে দর্শনায় চিকিত্সক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস প্রতিরোধে বিশেষ সতর্কতার অংশ হিসেবে চুয়াডাঙ্গার আন্তর্জাতিক রেলস্টেশন ও স্থলবন্দরের সীমান্ত চৌকিতে চিকিত্সকদের একটি দল কাজ করছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা কর্মকর্তা একরামুল হকের নেতৃত্বে চিকিত্সক দলের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

চিকিত্সক দলের অন্য সদস্যরা হলেন স্যানেটারি ইন্সপেক্টর শরীফ মো. আবদুল মতিন, উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (স্যাকমো) ওয়াসিম আলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. শাহ জামাল ও ফ্যাসিলেটর মহিদুল ইসলাম।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রেলস্টেশন ও সীমান্তের তল্লাশি চৌকিতে মেডিকেল টিম কাজ করবে।’

তল্লাশি চৌকির ইমিগ্রেশন শাখার উপপরিদর্শক শেখ মাহবুবুর রহমান জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে ভারত থেকে আসা যাত্রীদের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক স্টেশন হয়ে সপ্তাহে চার দিন ঢাকা-কলকাতা পথে মৈত্রী ট্রেন চলাচল করে। এ ছাড়া সপ্তাহে স্থল সীমান্ত পথে প্রতিদিন বিপুলসংখ্যক লোক পারাপার হয়।

ইবোলা প্রতিরোধে সম্প্রতি আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।