ইবোলা ভাইরাস শনাক্তে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ইবোলা ভাইরাস শনাক্ত করতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও সীমান্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
ইবোলা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী ১৬ অক্টোবর রিটটি করেন। গতকাল রিটের পক্ষে শুনানি করেন আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
রুলে ইবোলা ভাইরাসের সংক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং জনস্বাস্থ্যের জন্য মানবিক সাহায্য প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি জানিয়ে মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, একই সঙ্গে আদালত ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের যথাযথ স্বাস্থ্য ও মানবিক সেবা নিশ্চিত করতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন। চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ১৬ অক্টোবর এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে তিনটিসহ সমুদ্র ও স্থলবন্দরে বেশ কয়েকটি থার্মালস্ক্যানার মেশিন বসানো হবে। ফলে কোনো আরোহী জ্বরে ভুগছেন কি না, সেটি পরীক্ষা করা সম্ভব হবে। এ ছাড়া বাংলাদেশে ঢোকার ২১ দিন আগে যাত্রী কোথায় কোথায় ছিলেন, সে বিষয়ে বিমানবন্দরের অভিবাসন ডেস্ককে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের প্রস্তুতি : ইবোলা ভাইরাস প্রতিরোধে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে বন্দর ভবনে শিপিং এজেন্টসহ ব্যবহারকারীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নেওয়া উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো কোনো জাহাজ বন্দরের জেটিতে ভিড়ার আগে ক্যাপ্টেনকে ওই জাহাজের নাবিকদের মধ্যে ইবোলায় আক্রান্ত কেউ নেই, এ-সংক্রান্ত প্রতিবেদন দিতে হবে। নাবিকদের সর্বশেষ এক মাসের ভ্রমণবৃত্তান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এ ছাড়া কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার আগে সর্বশেষ কোন কোন ১০টি বন্দরে আসা-যাওয়া করেছে, তার তালিকা উল্লেখ করতে হবে।
বন্দর সূত্র জানায়, বিষয়গুলো দেখে জাহাজকে বন্দরে ভিড়ার অনুমতি দেওয়া হবে। এরপর কোনো নাবিকের ব্যাপারে সন্দেহ হলে তাঁর শরীরে ইবোলা ভাইরাসের কোনো লক্ষণ আছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ইবোলা প্রতিরোধে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আর ইবোলায় আক্রান্ত কেউ যাতে বন্দরে ঢুকতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’