ইবোলা-আতঙ্কে বিশ্ব, সতর্ক বাংলাদেশ
ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছে৷ এদের মধ্যে ২০০ জন স্বাস্থ্যকর্মী। তবে যুক্তরাষ্ট্রে দুজন ও স্পেনে একজন আক্রান্ত হওয়ার ঘটনা ইবোলা আতঙ্কে নতুন মাত্রা যোগ করেছে।
এ নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পশ্চিম আফ্রিকার দেশ থেকে বাংলাদেশে সরাসরি কোনো বিমান চলাচল নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ নিম্ন ঝুঁকির দেশ। তার পরও সরকার সতর্ক আছে এবং সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মহামাির আকারে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ইবোলায় আক্রান্তের হার বহুগুণ বেড়ে যাবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াংকে উদ্ধৃত করে ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, ইবোলা মহামাির দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারলে আফ্রিকার ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি বলেছে, এইচআইভি/ এইডসের পর জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি ইবোলা সংক্রমণ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আফ্রিকার বাইরে যুক্তরাষ্ট্রে ইবোলা ভাইরাসে দুজন আক্রান্ত হয়েছেন৷ এঁদের একজন মারা গেছেন। এরপর স্পেনের একজন নার্স আক্রান্ত হওয়ার ঘটনায় পশ্চিমা দেশগুলোতেও ইবোলা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাংক বলছে, ৫ অক্টোবর পর্যন্ত ইবোলা ভাইরাসে আট হাজার ৩৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন তিন হাজার ৮৭৯ জন। যদি মহামাির দ্রুত নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এর অর্থনৈতিক প্রভাবও গুরুতর হবে।
এ বছর আগস্টে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওন—পশ্চিম আফ্রিকার এই তিনটি দেশে ইবোলা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপকভাবে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা করে। ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার ৯০ শতাংশ। বন্য প্রাণী থেকে এই ভাইরাস প্রথমে মানুষে আসে এবং পরে মানুষ থেকে মানুষে ছড়ায়।
বাংলাদেশে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ইবোলায় আক্রান্ত রোগীদের তীব্র জ্বর হয়। সঙ্গে ডায়রিয়া হয়। বমি বমি ভাব থাকে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।
বাংলাদেশের প্রস্তুতি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত সীমান্তে ১৯টি স্থলবন্দর, তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর, দুটি সমুদ্রবন্দর ও িময়ানমারের সঙ্গে একটি স্থলবন্দর—এই ২৫টি স্থানে মেডিকেল টিম কাজ করছে।
জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, বিমানবন্দরে বিদেশ থেকে আগত যাত্রীদের মধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি আছেন কি না, তা পরীক্ষা ও পর্যবেক্ষণ করার জন্য একটি মেডিকেল ডেস্ক বসানো হয়েছে। কোনো যাত্রীকে সন্দেহ হলে তাঁর নাম, ঠিকানা, ফোন নম্বর রাখা হচ্ছে। অন্যদিকে আক্রান্ত কেউ ধরা পড়লে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। তাঁদের জন্য ২০টি পৃথক শয্যার ব্যবস্থা করা হয়েছে।
সরকারের একটি সূত্র জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে বিমানে করে কোনো যাত্রী বাংলাদেশে আসছেন কি না, তা বিমান চলাচলের একটি আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশকে আগেই জানানো হচ্ছে। এ পর্যন্ত ১০৬ জন যাত্রী বাংলাদেশে এসেছেন। এঁদের প্রত্যেকের ওপর নজর রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাঁদের ২১ দিন পর্যন্ত অনুসরণ করা হচ্ছে। অন্যদিকে পশ্চিম আফ্রিকার ওই দেশগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে থাকা বাংলাদেিশ সদস্যদের ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছে সরকার। তাঁদের জন্য পর্যাপ্ত পরিমাণে ভাইরাস প্রতিরোধী পোশাকও পাঠানো হয়েছে।
মাহমুদুর রহমান বলেন, এ পর্যন্ত এক হাজার ২০০ চিকিৎসককে রোগ শনাক্ত ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইবোলা ভাইরাস শনাক্ত করার প্রযুক্তি বাংলাদেশে আছে। তবে রোগটি সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য সন্দেহভাজন ব্যক্তির রক্ত পরীক্ষা করতে যুক্তরাষ্ট্রের আটলান্টার সিডিসিতে (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল) পাঠাতে হবে। সেই প্রস্তুতিও সরকারের আছে। তবে তিনি বলেন, এই রোগের সুনির্দিষ্ট চিকিৎসা বা ওষুধ নেই। ব্যবস্থাপনাই রোগ নিয়ন্ত্রণের প্রধান উপায়।