ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে 'রমন বিবি ক্যাথওয়ার্ড'য়ের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে হৃদরোগ নির্ণয়ের জন্য আসা রোগীদের এনজিওগ্রাম করতে হয়। এনজিওগ্রাম করার আগে এবং পরে রোগীদের বিশেষ সেবা দেওয়ার জন্য চালু হয়েছে ‘রমন বিবি ক্যাথওয়ার্ড’। 

আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ ওয়ার্ডের ফলক উন্মোচন করেছেন অতিথিরা। মা রমন বিবির নামে করা ওয়ার্ডটির জন্য এক কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী।
ফলক উন্মোচন অনুষ্ঠানে সমাজসেবক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি রফিক-উল হক বলেন, শুধু অর্থবিত্তের মালিক হলেই হবে না। জনসেবায় অর্থ দান করতে হবে। তিনি বিত্তবানদের সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
ফলক উন্মোচন অনুষ্ঠানে ইব্রাহিম কার্ডিয়াকের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান মাহমুদুর রহমান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ কনসালট্যান্ট এম এ রশীদ জানান, হাসপাতালে এর আগেও একটি ওয়ার্ড ছিল। বর্তমানে ১০ শয্যার ওয়ার্ডটির বিছানাসহ বিভিন্ন যন্ত্রপাতির আধুনিকায়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, কেউ এক কোটি টাকা অনুদান দিলে অনুদানদাতার পছন্দ অনুযায়ী নামকরণ করা হয়। মোহাম্মদ মোসাদ্দেক আলীর বাবা, মা এ হাসপাতালেই চিকিৎসা করাতেন। বর্তমানে ওয়ার্ডটি মোসাদ্দেক আলীর মা’র নামে নাম করণ করা হয়েছে।
ফলক উন্মোচনের পর অতিথিরা স্বল্প সময়ের জন্য ওয়ার্ডটি ঘুরে দেখেন। এ সময় বেশ কয়েকজন রোগী দুপুরের খাবার খাচ্ছিলেন। এখানে শুধু নারী ও পুরুষ রোগীরা থাকবে। শিশুদের জন্য অন্য ব্যবস্থা আছে।
মোসাদ্দেক আলী তাঁর মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তাঁর বাবা মায়ের জন্য সবার কাছে দোয়া চান।