ইব্রাহিম খালেদের বইয়ের মোড়ক উন্মোচন
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের জীবন যখন যেমন শীর্ষক প্রবন্ধের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন প্রকাশনা অনুষ্ঠানের অতিথিরা।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের বিভিন্ন সংবাদপত্রে রাজনৈতিক, সামাজিক ও সুফিবাদ বিষয়ে ইব্রাহিম খালেদের নিবন্ধগুলো নিয়ে বেরোল এ বই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বক্তব্য দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক সাংসদ রুবি রহমান ও নাজমা আকতার, ছড়াকার আলম তালুকদার, সাংবাদিক দিল মনোয়ারা মনু, প্রকাশক মারুফ হোসেন প্রমুখ।
আলোচকেরা বলেন, ‘আমাদের সমাজে সৎ ও সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখনো সততা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সাহস করে যে কজন লোক কথা বলেন, তাঁদেরই একজন ইব্রাহিম খালেদ।’
অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক বলেন, ‘সমাজ ও রাষ্ট্রের নানা বিষয় দেখে মাঝেমধ্যে ভীষণ কষ্ট পেয়েছি। আবার কোনো বিষয়ে আনন্দিত হয়েছি। সেসব আনন্দ ও দুঃখের অনুভূতিগুলো নিজের মতো করে পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, দুঃখ ভাগ করলে সেটি কমে আর আনন্দ ভাগ করলে সেটি আরও বাড়ে।’