ইব্রাহিম খালেদের বিরুদ্ধে বিডি-থাইয়ের মামলা খারিজ
পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আস-শামস জগলুল হোসেন এ আদেশ দেন।গত বছরের ১৮ মে বাংলাদেশ-থাই অ্যালুমিনিয়াম (বিডি-থাই) লিমিটেড ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে মামলা করে।আদালত ইব্রাহিম খালেদসহ আটজনের বিরুদ্ধে সমন জারি করেন। ইব্রাহিম খালেদ আইনজীবী আসাদুজ্জামানের মাধ্যমে মামলা খারিজ চেয়ে আবেদন করেন। ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি শেষ হয়। আদালত গতকাল আদেশ দেন।ইব্রাহিম খালেদের অপর আইনজীবী মতিউর রহমান ও আনিসুল হোসেন প্রথম আলোকে বলেন, ১৯৫৬ সালে কমিশনস অব ইনকোয়েরি আইনের বিধান অনুযায়ী, যদি সরকারের সিদ্ধান্ত বা সরকারের নির্দেশে কোনো তদন্ত হয়, তবে এর বিরুদ্ধে মামলা করা যাবে না। পুঁজিবাজারের দুর্নীতির বিষয়ে সরকার তদন্তের নির্দেশ দেয় এবং ইব্রাহিম খালেদকে প্রধান করে কমিটি গঠন করা হয়। তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন তিনি। তাই আইনানুযায়ী এ মামলা করার সুযোগ নেই। শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেন।