ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক পেলেন এ কে আজাদ খান ও সায়মা ওয়াজেদ
এ বছর ‘ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক’ পেয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বিডিএ) সভাপতি অধ্যাপক এ কে আজাদ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।
গত শনিবার রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতাল মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দেশে ডায়াবেটিস প্রতিরোধে অনন্য ভূমিকা পালনের জন্য ডা. এ কে আজাদকে এবং দেশে-বিদেশে অটিজম ও প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করায় সায়মা ওয়াজেদ হোসেনকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মুক্তিযোদ্ধা ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাঈদ উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদের উপদেষ্টা অধ্যাপক এ আর খান ও বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক নাজমা আরা।