ইব্রাহিম হত্যার ঘটনায় যুবলীগ কর্মী মুন্না গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদকে হত্যার ঘটনায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর ঘনিষ্ঠ যুবলীগের কর্মী নূর হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ এলাকা থেকে মুন্নাকে গ্রেপ্তার করে সিআইডি। রিমান্ড চেয়ে তাঁকে আজ আদালতে পাঠানো হবে।মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ইব্রাহিম গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার সময় গাড়িতে মুন্নাও ছিলেন। নিহত ইব্রাহিমের ভাইয়ের দায়ের করা মামলায় এ কথা উল্লেখ আছে। তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের পর মুন্না একেক সময় একেক কথা বলছেন।সিআইডি সূত্র জানায়, মুন্নার বাড়ি ভোলা সদরে। তিনি সাংসদ নুরুন্নবী চৌধুরীর ঘনিষ্ঠ। ইব্রাহিম হত্যার সময় তিনি সংসদ ভবন এলাকায় ছিলেন।সিআইডি পুলিশের হাতে মামলাটির তদন্তভার আসার পর এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সাংসদের ঘনিষ্ঠ সহযোগী মাজহারুল ইসলাম ওরফে মিঠু, দেলোয়ার হোসেন ও যুবলীগের কর্মী গোলাম মোস্তফা ওরফে শিমুলকে গ্রেপ্তার এবং সবাইকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাংসদ নুরুন্নবীর গাড়ির চালকসহ দুজনকে গ্রেপ্তার করে।