ইব্রাহিম হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় কৃষক ইব্রাহিম হোসেন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাবনার বিশেষ জজ (দায়রা জজ) আদালতের বিচারক অমূল্য কুমার সরকার গতকাল বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন সাঁথিয়ার গোবিন্দপুর গ্রামের মোজাম প্রামাণিক (৫০), মাহাতাব উদ্দিন (৪৫), আফতাব উদ্দিন (৫৫), আলতাব ওরফে কালু (৬০) ও আশরাফ আলী (৫৭)।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৩ সালের ১৩ এপ্রিল দণ্ড পাওয়া পাঁচজন গোবিন্দপুর গ্রামের কৃষক ইব্রাহিম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই দিনই নিহত ইব্রাহিমের বড় ভাই ময়নাল হোসেন ওই পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০০৯ সালে মামলার তদন্ত কর্মকর্তা সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সামাদ খান প্রথম আলোকে বলেন, আসামিরা জামিনে থাকলেও রায়ের সময় সবাই আদালতে উপস্থিত ছিল। রায়ের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।