ইব্রাহিমপুরে ওয়াসার পানিতে দুর্গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পূর্ব কাজীপাড়া-সংলগ্ন ইব্রাহিমপুর এলাকায় ওয়াসার পানির পাইপ বসানোর কাজ করায় ওই এলাকার পয়োনিষ্কাশনের লাইন বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে বৃষ্টির পানি মিশে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
রাজধানীর পূর্ব কাজীপাড়া-সংলগ্ন ইব্রাহিমপুর এলাকায় ওয়াসার পানির পাইপ বসানোর কাজ করায় ওই এলাকার পয়োনিষ্কাশনের লাইন বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে বৃষ্টির পানি মিশে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

রাজধানীর পূর্ব কাজীপাড়া-সংলগ্ন ইব্রাহিমপুর এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি ময়লা আর দুর্গন্ধে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীকে বাধ্য হয়ে খাওয়া ও রান্নার পানি কিনতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এই সমস্যার জন্য বারবার ওয়াসার দ্বারস্থ হওয়ার পরও সমাধান মিলছে না।
এলাকার ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ বলেছেন, তিনিও সমস্যার কথা ওয়াসা কর্তৃপক্ষকে অনেকবার বলেছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর কথা কানে তোলেনি। এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
সরেজমিনে গত মঙ্গলবার সকালে ইব্রাহিমপুরে গিয়ে দেখা গেছে, এলাকার মানুষ খাওয়া ও রান্নার পানি দোকান থেকে কিনছেন। এই এলাকার আশি দাগ মোড়ে কথা হয় এলাকার বাসিন্দা মো. জাকিরের সঙ্গে। তিনি বলেন, ১৫-২০ দিন আগে এখানে ওয়াসার লাইন সংস্কার করা হয়েছে। এরপর থেকে ময়লা ও দুর্গন্ধে পানি ব্যবহার করা যাচ্ছে না। তিনি বলেন, এই পানি খেয়ে তাঁর ভাগনে মো. সামিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। এখন তাঁরা খাবার ও রান্নার পানি কিনে খাচ্ছেন।
আরেক বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘ঘোলা পানি আহে, টয়লেটের কাম ছাড়া এই পানি দিয়া আর কিছু করন যায় না। পানি কিন্না খাওন লাগে।’
এলাকার আরও কয়েকজন বাসিন্দা বলেন, তাঁদের ধারণা, উন্নয়নকাজ করার সময় কোথাও পাইপ ফেটে সুয়ারেজের লাইনের সঙ্গে পানির লাইন একাকার হয়ে গেছে। এ জন্যই নোংরা পানি আসছে। তাঁরা এই সমস্যার কথা ওয়াসা কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু ওয়াসা কর্তৃপক্ষ সমস্যার সমাধান করতে পারছে না।
গৃহিণী আনজু বেগম অভিযোগ করেন, যাঁরা এই এলাকার সংস্কারকাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা দায়সারা কাজ করেছেন। এত মানুষের দুর্ভোগের কথা শোনার পরও কোনো সুরাহা করা হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ তুলে ধরলেন নিজের অসহায়ত্বের কথা। তিনি বলেন, ‘কী বলব বলেন, আমি কয়েকবার ওয়াসার লোকজনকে সমস্যাটি সমাধানের জন্য অনুরোধ করেছি। তাঁরা বলে, দুই দিনের মধ্যে ঠিক করে দেবেন। কিন্তু আর ঠিক হয় না। তাঁরা নিজেরাই নিজেদের কথা রাখছেন না। আমার আর কী করার আছে?’
এ বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে সমস্যার সমাধান করে দেবেন।