ইভ টিজিং ও ফতোয়ার বিরুদ্ধে কঠোর আইন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইভ টিজিং ও ফতোয়াকে আলোচিত বিষয় (বার্নিং ইস্যু) হিসেবে উল্লেখ করে বলেছেন, ইভ টিজিং ও ফতোয়ার বিরুদ্ধে এসিড আইনের মতো কঠোর আইন করতে হবে। তিনি বলেন, ইভ টিজিং এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে মেয়েদের নগ্ন করে ভিডিও করা হচ্ছে এবং তা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে শিক্ষকেরা পর্যন্ত মার খাচ্ছেন। অন্যদিকে বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েকেই দোররা মারা হচ্ছে। তার সঙ্গী পুরুষের খোঁজ করা হচ্ছে না।গতকাল শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে আইনগত সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সরকারপক্ষের আইনজীবীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি আয়শা খানম। তিনি আইনি বৈষম্য দূর করে সব ধর্মের নারীদের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন ও পরিষদের নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে সরকারপক্ষের আইনজীবীদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মাহবুবে আলম বলেন, আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এখনো নারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাই আরও আইনি পদক্ষেপ নিতে হবে এবং বিভিন্ন আইনে সংস্কার আনতে হবে। তবে শুধু আইন সংস্কার করলেই হবে না, নিজেদের মূল্যবোধকেও বাড়াতে হবে। তিনি বলেন, বাবা মারা গেলে এবং ছেলে না থেকে শুধু কন্যাসন্তান থাকলে বাবার সম্পত্তি যাতে মেয়েদের মধ্যেই ভাগ করে দেওয়া হয়, অন্যদিকে যাতে চলে না যায়, তা নিশ্চিত করতে হবে।স্বামীর দ্বিতীয় বিয়ে সম্পর্কে মাহবুবে আলম বলেন, আইনে দ্বিতীয় বিয়েকে নিরুৎসাহিত করা হয়েছে, স্ত্রীর অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। বিয়ে করে ফেললে তা অবৈধ হবে না, শুধু ছয় মাসের কারাদণ্ডের কথা বলা হয়েছে। কিন্তু স্বামীর আয়ের ওপর যে স্ত্রী নির্ভর করে আছেন, তাঁর অনুমতি না দিয়ে উপায় নেই। তাই দ্বিতীয় বিয়ের জন্য আদালতের অনুমতি লাগবে, শাস্তির মেয়াদ আরও বাড়িয়ে আইন সংশোধন করতে হবে।স্ত্রী ও সন্তানদের ভরণ-পোষণ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গ্রামে, শহরে যেখানে যাচ্ছে, পুরুষেরা বিয়ে করছে এবং তারপর স্ত্রী ও সন্তানদের ফেলে রেখে চলে যাচ্ছে। কেউ যদি ভরণ-পোষণ না দেয়, তাহলে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করতে হবে এবং সে ভরণ-পোষণ দিয়েছে, এটা তাকেই প্রমাণ করতে হবে।’মাহবুবে আলম বলেন, নারী নির্যাতন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শুধু মামলা পরিচালনা করতে পারেন। এ ক্ষেত্রে নির্যাতনের শিকার নারী রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি যাতে তাঁর পছন্দমতো আইনজীবী নিয়োগ করতে পারেন এবং বেসরকারি সংস্থার সহায়তা নিতে পারেন, সে বিধান করতে হবে।