ইভ টিজিং প্রতিরোধে তাহিরপুরে বন্ধুসভার মানববন্ধন সমাবেশ
ইভ টিজিং প্রতিরোধে প্রথম আলোর তাহিরপুর বন্ধুসভার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার তাহিরপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। স্থানীয় শহীদ মিনারের পাশে বেলা ১১টায় ১৫ মিনিট স্থায়ী এ মানববন্ধনে প্রশাসনের কর্মকর্তা, ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধন শেষে তাহিরপুর বন্ধুসভার সভাপতি বিদ্যুৎ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, সম্মিলিতি সামাজিক প্রতিরোধই পারে ইভ টিজিং বন্ধ করতে। এ জন্য সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। যেখানেই ইভ টিজিং, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাবেশে বক্তব্য দেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান, তাহিরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার, গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, নাসের উজ্জ্বল ও তুলি রানী রায়।