ইভ টিজিং প্রতিরোধে মির্জাপুরে শোভাযাত্রা-সমাবেশ
মির্জাপুর উপজেলা সদর গতকাল রোববার এক ঘণ্টার জন্য থমকে গিয়েছিল। ইভ টিজিং, বখাটেপনা, দুর্নীতি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা ও সামাবেশে অংশ নিতে সর্বস্তরের মানুষ জড়ো হওয়ায় এমনটি ঘটে। মির্জাপুর থানার উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।সকাল সাড়ে নয়টা থেকে মির্জাপুর হাই স্কুল মাঠে সদরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, মির্জাপুর বাজার বণিক সমিতি, অটোটেম্পো শ্রমিক সমিতি, রিকশাশ্রমিক সমিতি, মোটরসাইকেল শ্রমিক ইউনিয়ন, মির্জাপুর উপজেলা বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সমবেত হতে থাকে। সকাল সাড়ে ১০টায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে তিন হাজারের বেশি মানুষ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে সমাবেশে মির্জাপুর পৌরসভার মেয়র মোশারফ হোসেন, ইউএনও জিন্নাত রেহানা, এএসপি মাহফুজুর রহমান, ওসি হাবিবুল্লাহ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোফাখখার হোসেন শাহজাহান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বেগম প্রমুখ বক্তব্য দেন।মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, ইভ টিজিং বিষয়ে সচেতনতা সৃষ্টিই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। বখাটেরা যদি কাউকে কোনো ধরনের বিরক্ত করে, তাহলে ০১৭১৩৩৭৩৪৫৫ নম্বরে ফোন করে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।