ইভ টিজিং না করার পাশাপাশি এটি প্রতিরোধের শপথ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা। গতকাল বুধবার ‘ইভ টিজিং করব না, ইভ টিজিং করতে দিব না’ স্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বন্ধুসভার সদস্যরা।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। তাঁরা সবাই ইভ টিজিং প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র হেলাল উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। এখানে ইভ টিজিংয়ের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা সম্মিলিতভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াব।’ মানববন্ধনে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, কার্যকরী সদস্য জাফরিন হক।