ইভ টিজিং, বাল্যবিবাহ বন্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বাক্স
ইভ টিজিং ও বাল্যবিবাহ বন্ধে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। গতকাল বুধবার তিনি ঝিনাইদহের কালীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে একটি করে বাক্স তুলে দেন। এসব বাক্স নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানেরা তাঁদের প্রতিষ্ঠানে স্থাপন করবেন। আর ইভ টিজিং ও বাল্যবিবাহের মতো সমস্যার সম্মুখীন শিক্ষার্থীরা গোপনে তাঁদের কথা প্রতিষ্ঠানপ্রধান ও প্রশাসনকে জানাতে পারবেন।
এ উপলক্ষে সকালে কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক সময় ইভ টিজিং ও বাল্যবিবাহের শিকার মেয়েরা নিরাপত্তা ও লজ্জায় কাউকে কিছু বলতে পারে না। কিন্তু এই বাক্স থাকলে সেখানে তারা গোপনে তাদের সমস্যার কথা লিখে জানাতে পারবে। বাক্সগুলো সপ্তাহে এক দিন খোলা হবে। ছোট সমস্যা হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানই সেটার সমাধান করবেন। আর জটিল কোনো বিষয় হলে ইউএনওর দপ্তরে সেটা জানানো হবে।
স্থানীয় সমাজকর্মী শিবুপদ বিশ্বাস উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বাক্স স্থাপনের উদ্যোগ নেন। তিনি নিজ উদ্যোগে বাক্সগুলো তৈরি করেন। উপজেলা প্রশাসন তাঁকে সহযোগিতা করেছে। এরই মধ্যে তিনি ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বাক্স দিয়েছেন। উপজেলার বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে এসব বাক্স দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।