ইভ টিজিং রোধে এবারযুব ও ক্রীড়া মন্ত্রণালয় মাঠে নামছে
ইভ টিজিং রোধে আগামী ১০ আগস্টের মধ্যে দেশের প্রতিটি জেলায় সচেতনতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ ব্যাপারে ইতিমধ্যে সব জেলায় চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। কর্মসূচির আওতায় ঢাকায় এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে সরকারের অন্যান্য মন্ত্রণালয়, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল আজিজ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যারা ইভ টিজিং করছে এবং যারা এর শিকার, সবাই যুবা। সে কারণেই আমরা মনে করছি, এই আন্দোলনে যুব উন্নয়ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জেলা পর্যায়ে একটি এবং এর বাইরে এক বা তার বেশি উপজেলায় ইভ টিজিং রোধে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছি। মাঠপর্যায় থেকে এই অন্যায় রোধে কী ধরনের পরামর্শ আসে, তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।’ঢাকায় অনুষ্ঠেয় কর্মসূচিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানান।এদিকে অধিদপ্তরের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক খোন্দকার মতিয়ার রহমান জানান, ইভ টিজিং রোধে সারা দেশে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক হাজার ২০০ ক্লাব রয়েছে। ক্লাবগুলোকে এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি ইভ টিজিংয়ের কারণে মেয়েদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে বলে মনে করছে সরকার ও মানবাধিকারবিষয়ক বেসরকারি সংগঠনগুলো। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত ১৪ জন মেয়ে আত্মহত্যা করে। ইভ টিজিংয়ের শিকার একজন মেয়ের বাবাও অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন, আর লাঞ্ছিত হয়েছে ১৮ জন মেয়ে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক জায়গায় মেয়েরা স্কুল-কলেজে যেতে চাইছে না। এমনকি পড়ালেখা বন্ধ করে বিয়ে দিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। শিক্ষা মন্ত্রণালয় ৩ জুন ইভ টিজিং দিবস ঘোষণা করে নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুক্ত হলো।