ইভ টিজিং শব্দের ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে নারীরা। পুরুষতন্ত্রের বাধা পেরিয়ে তারা আদায় করে নিচ্ছে অধিকার। এ কারণে তাদের সম্মুখীন হতে হচ্ছে ইভ টিজিংসহ নানা নির্যাতনের। পুরুষের হীনম্মন্যতাই এসব নির্যাতনের প্রধান কারণ।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘ইভ টিজিং, পর্দা ও পুরুষতান্ত্রিকা’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি চর্চাকেন্দ্র এ সভার আয়োজন করে।সভায় বক্তারা বলেন, ইভ টিজিং শব্দের উৎপত্তি ও ব্যবহারজনিত কারণে বিষয়গুলো হালকা হয়ে যাচ্ছে। তাঁরা নারীর ওপর নির্যাতনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার পাশাপাশি ইভ টিজিং শব্দটির ব্যবহারে দায়িত্বশীল হওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, যারা নারীদের উত্ত্যক্ত করছে, নির্যাতন করছে, তারা রাজনৈতিক, সামাজিক, পারিবারিক—কোনো না কোনোভাবে সমর্থন পাচ্ছে।উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক মালেকা বেগম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন বাঁধনের ওপর হামলা হয়, তখন একে সবাই ন্যক্কারজনক অত্যাচার বলে আখ্যায়িত করেছে। কিন্তু এখন বিভিন্ন নিপীড়নমূলক ঘটনাও ইভ টিজিং নামক শব্দের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। ইভ টিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সবাইকে ভালো বই পড়ার আহ্বান জানান তিনি।