ইভ টিজিং: তিন বখাটে গ্রেপ্তার, ১ জনের সাজা
সাতক্ষীরার কালীগঞ্জে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) দায়ে মোক্তার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক-ই-এলাহী চৌধুরী এ সাজা দেন।এদিকে নারায়ণগঞ্জ ও পঞ্চগড়ে ইভ টিজিংয়ের অভিযোগে গতকাল বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জের স্কুলছাত্রীর বাবা জানান, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর গ্রামের মোক্তার হোসেন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় তিনি গত মঙ্গলবার কালীগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ বুধবার মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. ফরিদউদ্দিন জানান, মোক্তার হোসেন দোষ স্বীকার করায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইভটিজিংয়ের অভিযোগে নারায়ণগঞ্জে শহরের আমলাপাড়া এলাকা থেকে আফজাল হোসেন (২০) ও নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকা থেকে সোহেল রানাকে (২০) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার যুবকদের আদালতে হাজির করা হয়। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বজলুর রহমান তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, শহরের আমলাপাড়া এলাকার আফজাল হোসেনের সঙ্গে মুঠোফোনে এক মেয়ের পরিচয় হয়। এর পর আফজাল ওই মেয়েকে প্রায়ই অশ্লীল খুদে বার্তা (এসএমএস) পাঠান ও কল করে নানাভাবে উত্ত্যক্ত করেন। ওই মেয়ের বিয়ে ঠিক হলে আফজাল তা ভেঙে দেন। এরপর তপুর বিরুদ্ধে মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ করলে গতকাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অপরদিকে গোগনগর এলাকার সোহেল রানার বিরুদ্ধে ইভ টিজিংয়ের অভিযোগ করা হয়। অভিযোগের সত্যতা পেয়ে সোহেলকে গতকাল গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ইভ টিজিংয়ের ঘটনায় করা মামলায় পঞ্চগড়ের বোদা থানার পুলিশ গতকাল আশরাফুল (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে। খিরাজউদ্দিন (২৩) নামে অপর আসামি পালিয়ে গেছেন। পুলিশ জানায়, উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের চিড়াকুটি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে ওই দুই আসামি প্রায়ই উত্ত্যক্ত করতেন। ছাত্রীর বাবা খামিরুল ইসলাম বুধবার ওই দুই বখাটের বিরুদ্ধে বোদা থানায় মামলা করেন। গতকাল বিকেলে পুলিশ আশরাফুলের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। খবর পেয়ে খিরাজউদ্দিন বাড়ি থেকে পালিয়ে যায়।