ইভ টিজিং: তিন যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে লালমনিরহাট, সুনামগঞ্জ ও টাঙ্গাইলে তিন বখাটে যুবকের কারাদণ্ড হয়েছে। তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: লালমনিরহাট: লালমনিরহাট মজিদা খাতুন মহিলা কলেজের এক ছাত্রী গত বৃহস্পতিবার রাতে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিল। পথে শহরের খুটামারা গ্রামের বখাটে যুবক আজিজুল ইসলাম (২১) তাকে উত্ত্যক্ত করে। এ সময় জনতা আজিজুলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম ঘটনাস্থলে ছুটে গিয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজিজুলকে ছয় মাসের কারাদণ্ড দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, আজিজুলকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাহিরপুর (সুনামগঞ্জ): লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করত বখাটে যুবক মনির হোসেন। বিষয়টি তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামানকে লিখিতভাবে জানানো হয়। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তাহিরপুর থানা পুলিশকে জানান। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার হোসেন গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত বসান। বিচারক ঘটনার সত্যতা পেয়ে মনিরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মনিরের বাড়ি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট (বাদরঘর) গ্রামে।সখীপুর (টাঙ্গাইল): সখীপুরের মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল জামাল হোসেন। একপর্যায়ে মেয়েটির বাবা পরিস্থিতির শিকার হয়ে অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করেন। গত বৃহস্পতিবার রাতে এ বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এ বিয়েতেও বাধা দেয় জামাল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান মেয়েটির বাড়িতে ছুটে যান। সেখানে ইউএনও ইভ টিজিংয়ের সাক্ষ্য-প্রমাণ পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জামালকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে মেয়েটির পরিবারের বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগ এনে বিয়েও ভেঙে দেন। গতকাল শুক্রবার সকালে জামালকে কারাগারে পাঠানো হয়।