ইভ টিজিং: ২ যুবকের কারাদণ্ড একজন গ্রেপ্তার, বহিষ্কার ২
মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে নীলফামারী ও ফরিদপুরে গতকাল মঙ্গলবার দুই বখাটে যুবককে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় নড়াইলে গ্রেপ্তার হয়েছে এক বখাটে। এদিকে মাগুরায় শ্রেণীকক্ষে সহপাঠীর সঙ্গে অশালীন আচরণ করায় কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে দুই ছাত্রকে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: ডিমলা উপজেলার ডিমলা মহিলা কলেজের এক ছাত্রী গত সোমবার সন্ধ্যায় ডিমলা বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিল। পথে ডিমলা আরবিআর স্কুলের সামনে সরদারহাট গ্রামের রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সোহেল রানা তার পথরোধ করে ও অশালীন আচরণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে পথচারীরা ছুটে গিয়ে বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটে যুবক রানাকে এক মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ রায় দেন।নিজেকে নির্দোষ দাবি করে ওই কলেজছাত্র বলেছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলেছে। ঘটনার সময় তারা আরবিআর স্কুল মাঠে বসে গল্প করছিল। এ সময় কিছু লোক গিয়ে তাকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়।ফরিদপুর: ফরিদপুর শহরের টেপাখোলা সরকারি শিশু সদনে (বালিকা) অবস্থানকারী মেয়েদের প্রায়ই উত্ত্যক্ত করতেন মিঠুন শেখ (২০)। গত সোমবার রাতে শিশু সদনের সীমানাপ্রাচীর টপকে মিঠুন শিশু সদনের ক্যাম্পাসে ঢুকে পড়েন। এ সময় সদনের নৈশপ্রহরীরা তাঁকে আটক করে পুলিশে ধরিয়ে দেন। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মিঠুনের বিচার করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা আক্তার তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। মিঠুনের বাড়ি শহরের টেপাখোলা লেকপার এলাকায়। নড়াইল: নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের বখাটে যুবক মুকিম হোসেন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক কিশোরীকে (১৪) উত্ত্যক্ত করে আসছিল। গত রোববার রাতে ওই কিশোরীকে বাড়িতে একা রেখে তার মা-বাবা বাইরে একটি কাজে যান। এই সুযোগে মুকিম ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে মুকিম পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় কিশোরীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরে অভিযান চালিয়ে মুকিমকে গ্রেপ্তার করেছে। জানতে চাইলে মুকিমের মা বলেন, ‘মুকিমের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। দুজন দুজনকে পছন্দ করে।’মাগুরা: শ্রেণীকক্ষে সহপাঠীর সঙ্গে অশালীন আচরণ ও ওই দৃশ্য মুঠোফোনে ধারণ করার অভিযোগে মাগুরার শ্রীপুর ডিগ্রি কলেজের দুই ছাত্রকে গতকাল কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলো কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র রাফিউন্নবী বাবীর ও খোন্দকার খালেদ মাসুদ। কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।