ইভ টিজিংকে না, সৃজনশীলতাকে হ্যাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, সন্ত্রাস, মুখস্থ ও ইভ টিজিংকে ‘না’ এবং সৃজনশীলতাকে ‘হ্যাঁ’ বলার শপথ নিয়েছে। গতকাল রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান মিলনায়তনে প্রথম আলো এবং বেসরকারি মুঠোফোন কোম্পানি রবির পক্ষ থেকে জেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।মিলনায়তনে স্থান সংকুলান না হওয়ায় সকাল নয়টা থেকে দুপুর দুইটা এবং বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ভাগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালের অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মতিন। রবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মাহবুব হোসেন ও রাজশাহী অঞ্চলের প্রধান মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর রাজশাহী বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাসুদ রানা ও প্রথম আলোর রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ এবং শিক্ষার্থীদের মধ্য থেকে রোজিনা খাতুন ও রেজওয়ানা আশরাফী।অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, যে মানুষ আর স্বপ্ন দেখতে পারে না, তার মৃত্যু হয়ে যায়। মানুষ বেঁচে থাকলে স্বপ্ন দেখবে। তিনি হলভর্তি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি তাদের নিয়ে স্বপ্ন দেখি, আগামী এক যুগের মধ্যে তারা বড় হয়ে রাজশাহীর আম ও লিচুর জিন-নকশা উন্মোচন করবে। তিনি শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও মুখস্থকে ‘না’ এবং সৃজনশীলতাকে ‘হ্যাঁ’ বলার অঙ্গীকার করান।শিক্ষার্থী রোজিনা খাতুন একজন অদম্য মেধাবী। তার বক্তব্যে সবার চোখ ভিজে ওঠে। আর্থিক অনটনের কারণে সপ্তম শ্রেণীতে পড়ার সময় সে বাল্যবিবাহের শিকার হয়। যৌতুকের কারণে দেড় বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। আবার সে ভর্তি হয় বিদ্যালয়ে। তার দুবেলা দুমুঠো ভাতের জোগাড় হয়নি। এই অবস্থার মধ্যেও সে জিপিএ-৫ পায়। প্রথম আলোয় তার খবর ছাপা হওয়ার পর উচ্চমাধ্যমিকে পড়াশোনার সুব্যবস্থা হয়েছে। সে বলে, প্রথম আলো একা দেশের সব রোজিনার মুখে হাসি ফোটাতে পারবে না। সারা দেশে তার মতো অনেক রোজিনা রয়েছে। সে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানায়। অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা মুহিনের গানে মুগ্ধ শিক্ষার্থীরা উচ্ছ্বাসে উদ্বেল হয়ে ওঠে। শিক্ষার্থীদের মধ্যে সংগীত পরিবেশন করে প্রিয়াঙ্কা ভট্টাচার্য, গৌরব, আবেদা বিনতে সানোয়ার এবং শিক্ষার্থীদের তৈরি উইন্ড ও প্লাটফর্ম নামে দুটি দল অনুষ্ঠানে ব্যান্ড সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করে শিক্ষার্থী অমিত হাসান, নাজমুল ইসলাম ও রাজশাহী বন্ধুসভার মারুফ। নৃত্য পরিবেশন করে শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আরা চৈতি, জুবাইদা জেরিন ও নুসরাত জাহান।অনুষ্ঠানে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয় রাজশাহী ক্যাডেট কলেজ, রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুল ও রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়কে।