‘ইভ টিজিং’ নামের কর্মকাণ্ডকে ‘যৌন হয়রানি’ নামে অভিহিত করার পরামর্শ দিয়েছেন শিক্ষকনেতারা। তাঁরা বলেছেন, এ ধরনের সমস্যা সমাধানে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল হতে হবে। এ ছাড়া ইভ টিজিংকে নারী নির্যাতন আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ‘ইভ টিজিং প্রতিরোধে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন আয়োজক সমিতির সভাপতি মো. মোফাজ্জল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল গফফার।প্রকৃত শিক্ষার অভাবে ইভ টিজিংয়ের মতো সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন সেমিনারের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ইভ টিজিং প্রতিরোধে বাস্তবমুখী শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে। প্রধান আলোচক তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, ইভ টিজিংয়ের শিকার মেয়েরা বিচার না পেয়ে, অপমানে অসহায়ত্ব বোধ করে আত্মহত্যা করছে। নারীদের কোনো বিশেষণে নয়, তাদের নারী হিসেবেই চিহ্নিত করতে হবে।জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারম্যান সালমা খান ইভ টিজিংকে সামাজিক ও মনস্তাত্ত্বিক ব্যাধি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ রোগ সারাতে ছেলেমেয়েদের নৈতিকতা ও অধিকারের বিষয়ে সচেতন করে তুলতে হবে।সেমিনারে আরও বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ শওকত আরা বেগম, ড. মমতাজ উদ্দিন পাটোয়ারী, অধ্যাপক দীপক কুমার নাগ, নারীনেত্রী কহিনুর বেগম, শিক্ষকনেতা মো. মুজিবুর রহমান প্রমুখ।