ইভ টিজিংকে যৌন হয়রানি বিবেচনা করে আইনে অন্তর্ভুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংকে যৌন হয়রানি হিসেবে বিবেচনা করে আইনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া যৌন হয়রানির উদ্দেশ্যে গোপনে অনুসরণ করার (স্টকিং) বিষয়টি যৌন হয়রানির সংজ্ঞায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেন। রায়ে বলা হয়, ইভ টিজিং শব্দ থাকলে তা অপরাধের মাত্রা হালকা করে দেয়, এর পরিবর্তে সর্বস্তরে যৌন হয়রানি শব্দ ব্যবহার করতে হবে। ইভ টিজিং প্রতিরোধে নির্দেশনা চেয়ে জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।সূত্র জানায়, আদালত এ ধরনের নির্যাতন ও হয়রানি প্রতিরোধের জন্য তদারকি করতে প্রতি থানায় সেল গঠনের নির্দেশ দেন। ওই সেলকে প্রতি মাসে একবার জেলা উন্নয়ন কমিটিতে এ সম্পর্কিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তি ও সাক্ষীর নিরাপত্তা বিধানে সরকারকে আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়।প্রস্তাবিত নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী)-এ যৌন নির্যাতনের স্থান হিসেবে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রকে সীমাবদ্ধ না রেখে সব সরকারি ও বেসরকারি স্থানকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এসএমএস, ই-মেইল ও টেলিফোন-মুঠোফোনের মাধ্যমে উত্ত্যক্ত করাকেও অপরাধ হিসেবে গণ্য করে এ বিষয়গুলোও আইনে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এ ছাড়া সব সাইবার ক্যাফের নিবন্ধন ও ব্যবহারকারীর পরিচয় সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।জাতীয় মহিলা আইনজীবী সমিতির করা রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২ নভেম্বর হাইকোর্ট রুল জারিসহ অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন। ওই রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে দুই দিনব্যাপী রায় দেওয়া গতকাল শেষ হয়। আদালতে আবেদনকারী পক্ষে আইনজীবী ফাহিমা নাসরিন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন মামলা পরিচালনা করেন।ফাহিমা নাসরিন গতকাল প্রথম আলোকে বলেন, এ রায়ের ফলে এখন থেকে ইভ টিজিং শব্দ ব্যবহার করা যাবে না। এ ধরনের নির্যাতনের শিকার নারীরা আইনের সুরক্ষা পাবেন। রায়ে নির্যাতিতদের মনস্তাত্ত্বিক ক্ষতি নিরূপণের কথাও বলা হয়েছে। রায়ের নির্দেশনাগুলো আইনে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত রায়ের আলোকে আইন বা বিধি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুসারে এসব নির্দেশনা আইন হিসেবে কার্যকর হবে।