ইভ টিজিংবিরোধী গণসচেতনতার আহ্বান
ইভ টিজিংবিরোধী গণসচেতনতা সৃষ্টির আহ্বানের মধ্য দিয়ে গতকাল শনিবার ঢাকার কেরানীগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।বন্ধুসভার সার্বিক সহযোগিতায় বন্দডাকপাড়া পালকী কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা খাতুন, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোনায়েম হোসেন, জিনজিরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, রবির আঞ্চলিক ব্যবস্থাপক জসিম উদ্দিন এবং কৃতী শিক্ষার্থী ফাহিমা আক্তার, মো. নুরুল আমিন ও শামীমা নাসরিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার আজহার উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর কেরানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার তিন সেরা শিক্ষাপ্রতিষ্ঠান জিনজিরা পিএম বালিক উচ্চবিদ্যালয়, নয়াবাজার উচ্চবিদ্যালয় ও ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।