মানবাধিকার জোটের অভিযোগ
ইভ টিজিংয়ে হত্যাকাণ্ডকে দুর্ঘটনায় মৃত্যু হিসেবে চালানোর অপচেষ্টা চলছে
মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিক হত্যাকাণ্ডকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে বলে আটটি মানবাধিকার সংস্থার এক মোর্চা অভিযোগ করেছে। সংগঠনগুলো এ ধরনের অপচেষ্টাকে প্রতিহত করার দাবি জানিয়েছে।গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্র্যাক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), কর্মজীবী নারী, মহিলা পরিষদ, নিজেরা করি, নাগরিক উদ্যোগ ও স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট। নাটোর ও ফরিদপুরের ঘটনাস্থল ঘুরে এসে মানবাধিকারকর্মীরা তাঁদের পর্যবেক্ষণ ও কিছু সুপারিশ তুলে ধরেন। মানবাধিকার সংগঠনগুলো ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌন হয়রানিসংক্রান্ত ১০-এর ২ ধারা, যা ২০০৩-এ রদ করা হয়েছিল, তা আবারও যুক্ত করা ও ৫০৯ ধারার ব্যাখ্যা স্পষ্ট করার আহ্বান জানায়।মানবাধিকারকর্মীরা বলেন, ফরিদপুরে চাঁপা রানী ভৌমিকের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় হয়েছে বলে উল্লেখ করেছেন ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক। কিন্তু কোনো চিকিৎসক রায় দিতে পারেন না। একইভাবে নাটোরে শিক্ষক মিজানুর রহমানের মৃত্যুকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা চলছে। ভাষার সামান্য হেরফেরের জন্য দুটি পরিষ্কার হত্যাকাণ্ড নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে।আসকের চেয়ারপারসন হামিদা হোসেন জানান, ইভ টিজিংয়ের শিকার পরিবারগুলোকে আইনি সহায়তা দিতে সংস্থাগুলো প্রস্তুত রয়েছে। বিশেষত, মিজানুর রহমান ও চাঁপা রানী হত্যাকাণ্ডের ব্যাপারে তাঁরা বিশেষভাবে নজর রাখছেন। স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার পাড়ায় পাড়ায় যত বখাটে কিশোর-যুবক আছে, প্রশাসনকে তাদের তালিকা তৈরি এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মজীবী নারীর রোকেয়া রফিক বলেন, যাদের অপরাধের রেকর্ড আছে, তাদের যথাসময়ে না ধরার কারণেই নতুন অনেকে অপরাধে জড়িয়ে পড়ছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির, ব্র্যাকের জ্যেষ্ঠ কর্মকর্তা শিপা হাফিজ, ব্লাস্টের নির্বাহী পরিচালক মহসীন আলী খান ও মহিলা পরিষদের নেত্রী মাকসুদা আক্তার।