ইভ টিজিংয়ের অভিযোগে শ্রমিক লীগের নেতাসহ সাতজনের দণ্ড
ময়মনসিংহে দুই সন্তানের জননীকে উত্ত্যক্ত করার অভিযোগে শ্রমিক লীগের এক নেতাকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর এক ঘটনায় কলেজছাত্রীকে প্রকাশ্যে লাঞ্ছিত করেছে বখাটেরা। মেয়েদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করায় ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওগাঁ ও লক্ষ্মীপুরে ছয় বখাটেকে শাস্তি দেওয়া হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ময়মনসিংহ: ভালুকা মডেল থানার মেদুয়ারী গ্রামের দুই সন্তানের এক জননীকে বেশ কিছু দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন শ্রমিক লীগের ভারাডোবা ইউনিয়নের সাধারণ সম্পাদক মকবুল হোসেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রোববার বিকেলে মকবুলকে আটক করে। বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ওয়াদুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মকবুল জরিমানার টাকা পরিশোধ করেছেন। জানতে চাইলে মকবুল বলেন, এলাকার একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ এনেছে। এদিকে নান্দাইল প্রতিনিধি জানান, নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এক ছাত্রী গত রোববার পরীক্ষার প্রবেশপত্র আনতে কলেজে যান। এ সময় তাঁর সঙ্গে দেখা করে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক তাঁর মুঠোফোনের নম্বর নেন। কিছুক্ষণ পর নাজমুল তাঁকে ফোন করে কলেজ ভবনের তিন তলায় যেতে বলেন। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন সোহেল, মাসুদ ও আল আমীন নামের আরও তিন যুবক। একপর্যায়ে সেখান থেকে নাজমুল চলে যান। পরে সোহেল ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু এতে রাজি না হলে সোহেল তাকে থাপ্পড় দেন। মাসুদ শুরু করেন অশ্লীল কথাবার্তা। পরে ওই ছাত্রী দ্রুত টেম্পোযোগে বাড়ি যেতে চাইলে সেখানে গিয়েও বখাটেরা হুমকি দেন। গতকাল সোমবার ওই ছাত্রী তাঁর মায়ের সঙ্গে কলেজে গিয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সহায়তায় পরীক্ষায় অংশ নেন। জানতে চাইলে ছাত্রলীগ নেতা নাজমুল বলেন, ‘মেয়েটিকে ডেকে নিয়ে কুশলাদি জিজ্ঞেস করেছি। পরে কী হয়েছে বলতে পারব না।’ কলেজের অধ্যক্ষ আবদুল বারেক তালুকদার বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তবে ভুক্তভোগী ছাত্রী জানিয়েছেন, ঘটনাটি অধ্যক্ষকে জানানো হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগর উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল বখাটে যুবক শাকিল মিয়া। গতকাল ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে শাকিল আবারও তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি পুলিশকে জানালে শাকিলকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিল আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাকিলকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন। আদালতে শাকিল দোষ স্বীকার করেছে। জরিমানার টাকা সে পরিশোধ করেছে। সাতক্ষীরা: কলারোয়া উপজেলার এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন শরিফুল ইসলাম (২২)। এ ব্যাপারে রোববার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ শরিফুলকে আটক করেছে। ইউএনও তরিকুল ইসলাম এদিনই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। শরিফুলের বাড়ি উপজেলার বোয়ালিয়া গ্রামে। আদালতের কাছে তিনি দোষ স্বীকার করেছেন। কুষ্টিয়া: দুই সন্তানের এক জননী কুষ্টিয়া স্টেডিয়ামপাড়ার ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থাকেন। তাঁর স্বামী নেত্রকোনায় চাকরি করেন। স্বামীর অনুপস্থিতিতে তাঁকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন বখাটে যুবক সেলিম রেজা। রোববার রাতে ওই গৃহবধূর বাসায়ও যান তিনি। বিষয়টি টের পেয়ে বাসার মালিক থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মকলেছুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। সেলিমের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার মনাখালী গ্রামে। নওগাঁ: শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল জিলা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম ওরফে নয়ন। গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নয়ন আবারও তাকে উত্ত্যক্ত করে। এ সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেন। আদালতের কাছে নয়ন দোষ স্বীকার করেছে। তার বাড়ি সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে। রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল দুই বখাটে যুবক জুয়েল ও সাদ্দাম। একপর্যায়ে ওই ছাত্রী স্কুলে যাওয়াই বন্ধ করে দেয়। গতকাল বখাটে যুবকেরা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি পুলিশকে জানালে তৎক্ষণাৎ জুয়েল ও সাদ্দামকে আটক করা হয়। পরে ইউএনও গোপাল চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক বছর করে কারাদণ্ড দেন। আদালতে বখাটেরা দোষ স্বীকার করেছে।