ইভ টিজিংয়ের অভিযোগে সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সেনা কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রাতে রাজধানীর মৌচাক মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা ওই সেনা কর্মকর্তা ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত। ঢাকায় ছুটিতে এসেছেন। রমনা থানার পুলিশ জানায়, রাত পৌনে আটটার দিকে ওই সেনা কর্মকর্তা মৌচাক মার্কেটের কাছে একজন নারীকে উত্ত্যক্ত করেন। এ সময় মার্কেটের আশপাশের লোকজন এ দৃশ্য দেখে তাঁকে আটক করেন। সেখানেই ওই কর্মকর্তা কান ধরে ওঠবস করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। ওই নারী এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগও করেন। পুলিশ আরও জানান, ঘটনার সময় ওই কর্মকর্তা মদ্যপ ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছে। তাঁকে মিলিটারি পুলিশের হাতে সোপর্দ করা হবে। এদিকে রাজধানীর গেন্ডারিয়ায় গতকাল মঙ্গলবার ইভ টিজিংয়ের দায়ে সুবেল নামের এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ইভ টিজিংয়ের শিকার নারী একটি পোশাক কারখানার কর্মী। গতকাল তিনি যথারীতি নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ওই সময় গেন্ডারিয়ার সতীশ সরকার রোড এলাকার বখাটে সুবেল তাঁর গতিরোধ করে ও কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় সুবেল ও তার সাত-আটজন সঙ্গী ওই নারীকে টানা-হেঁচড়া শুরু করে। ওই সময় স্থানীয় জনগণ সুবেলকে আটক করে টহল পুলিশে দেয়। পরে সুবেলকে গেন্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হলে ওই নারী তার বিরুদ্ধে ইভ টিজিংয়ের লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সুবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পুলিশ জানায়, সুবেল তিন মাস ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল। সে গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের ৩৩/এ/১৩ নম্বর বাসায় থাকে।