ইভ টিজিংয়ের দায়ে কুলিয়ারচরে বখাটের দুই মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) দায়ে এক বখাটেকে দুই মাসের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মুকুল এই রায় দেন।সাজা পাওয়া যুবকের নাম সবুজ মিয়া (২০)। তাঁর বাড়ি উপজেলার পূর্ব গাইলকাটায়। এলাকাবাসী জানান, কুলিয়ারচর পাইলট উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী গতকাল স্কুল থেকে বাড়ি ফিরছিল। বেলা তিনটার দিকে তারা রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় তিন যুবক তাদের গতিরোধ করে এবং অশালীন ভাষায় কথা বলে। একপর্যায়ে তাদের হাত ধরে টানাহেঁচড়া শুরু করে বখাটেরা। এ সময় ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান। তিনি মেয়েদের রক্ষায় এগিয়ে যান এবং বখাটেদের ধরতে স্থানীয় লোকজনের সহযোগিতা চান। স্থানীয় লোকজন এগিয়ে এসে মেয়েদের উদ্ধার এবং সবুজকে ধরে ফেলেন। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে যায়। খবর পাওয়ার পর পুলিশ আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে ভ্রাম্যমাণ আদালত বসান। শুনানি শেষে আদালত সবুজকে কারাদণ্ড ও জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মুকুল প্রথম আলোকে বলেন, রায় দেওয়ার আগে আদালত উভয় পক্ষের বক্তব্য এবং উপস্থিত লোকজনের সাক্ষ্য গ্রহণ করেন।দণ্ড পাওয়া সবুজ মিয়া বলেন, ‘আমরা মেয়েদের সঙ্গে অশালীন কিছু করিনি। কথা বলতে চেয়েছিলাম।’