ইভ টিজিংয়ের দায়ে চারজনের জেল
ইভ টিজিংয়ের দায়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। একই অপরাধে নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই বখাটের এক মাস করে কারাদণ্ড হয়েছে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক বখাটেকে এক বছর কারাদন্ড দেওয়া হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের বাসিন্দা ও আন্ধারীঝাড় দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে কিছুদিন যাবৎ বীর বারাইটারী গ্রামের আবদুল কাদেরের ছেলে আশরাফুল বাবু (২২) উত্ত্যক্ত করে আসছিল। গত শনিবার সকালে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে আশরাফুল রাস্তায় দাঁড়িয়ে তাঁকে কটূক্তি করে। মেয়েটির অভিভাবকেরা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করে। ওই দিন দুপুরে ভূরুঙ্গামারী থানায় ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতে আশরাফুল দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল হক তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসপাতাল এলাকার আখতার হোসেনের ছেলে কালাম (১৯) ও আবদুল মান্নানের ছেলে বাপ্পা (১৮) স্থানীয় সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ওই স্কুলছাত্রীর অভিভাবক গত শনিবার মহাদেবপুর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। পুলিশ ওই দিন সকাল ১০টার দিকে সর্বমঙ্গলা উচ্চবিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত দুই তরুণকে গ্রেপ্তার করে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম জানান, বিকেল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতারুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে আবুল কালাম ও বাপ্পাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অভিযুক্তরা আদালতের কাছে তাদের দোষ স্বীকার করেছে।ফরিদপুর: ভাঙ্গা পৌর এলাকার বাসিন্দা রায়পাড়া সদরদী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর বাবা শনিবার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের শাহীমুল্লুকদী গ্রামের সাদ্দাম হোসেনের (১৮) বিরুদ্ধে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ আনেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাদ্দামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে ১০ গ্রাম ওজনের দুই পুরিয়া গাঁজা পাওয়া গেছে।ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর শনিবার রাত ১১টার দিকে ভাঙ্গা থানায় আদালত বসিয়ে ইভ টিজিংয়ের দায়ে সাদ্দামকে এক বছর ও গাঁজা রাখার অপরাধে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।