ইভ টিজিংয়ের দায়ে নারায়ণগঞ্জে ছয় ব্যক্তির কারাদণ্ড
নারায়ণগঞ্জে ইভ টিজিংয়ের দায়ে ছয়জনকে সাত দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফুজ্জামান জিলানী গতকাল বুধবার বিকেলে এই রায় দেন।সাজাপ্রাপ্তরা হলেন কামাল হোসেন (২২), মামুন (১৬), সাইফুল ইসলাম ওরফে নাহিদ খান (১৮), সুমন শেখ (১৮), সেন্টু মিয়া (২০) ও অপু ইসলাম (২০)। তাঁদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়।গত মঙ্গলবার দুপুরে শহরের মণ্ডলপাড়া এলাকায় অবস্থিত গণবিদ্যানিকেতন স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় র্যাব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই ছয়জনকে আটক করেন। পরে তাঁদের থানায় সোপর্দ করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করে। আদালত ওই রায় ঘোষণা করেন।জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বলেন, ‘আমার জানামতে, ইভ টিজিংয়ের ঘটনায় বখাটেদের সাজার ঘটনা দেশে এই প্রথম। এ ধরনের শাস্তি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করি।’ র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কমান্ডার মাহবুব বলেন, বখাটেদের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান অব্যাহত থাকবে।